ইইউ-আফ্রিকার নেতাদের নতুন পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থী সংকট মোকাবিলার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আফ্রিকার নেতারা অন্তত ১৯৩ কোটি মার্কিন ডলারের একটি পরিকল্পনা গতকাল বৃহস্পতিবার অনুমোদন করেছেন। ভূমধ্যসাগর পেরিয়ে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীর ইউরোপে প্রবেশ রুখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর এএফপির।
মাল্টায় দুই দিনব্যাপী আলোচনার পর ইউরোপ ও আফ্রিকার নেতারা ওই বিতর্কিত পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছান। ইউরোপে বৈধ অভিবাসনের সুযোগ আরও বেশি রাখার প্রস্তাব করেছিলেন আফ্রিকার নেতারা। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইইউ প্রাথমিকভাবে জরুরি তহবিলে ১৯৩ কোটি ডলার দেবে। এই অর্থ ব্যয় করে অভিবাসনের মৌলিক কারণ বা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। এসবের মধ্যে রয়েছে দারিদ্র্য, যুদ্ধ, নিপীড়নমূলক শাসন এবং অনিরাপদ পরিস্থিতি। আফ্রিকাজুড়ে লাখো মানুষ এ ধরনের সমস্যা থেকে রেহাই পেতে বাস্তুচ্যুত হয়েছে। ভূমধ্যসাগর পেরিয়ে এ বছর অন্তত আট লাখ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে, যার মধ্যে এক লাখ ৪০ হাজার আফ্রিকার নাগরিক।
সুইডেনে সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহাল: বিপুলসংখ্যক শরণার্থীর প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে সুইডেনের কর্তৃপক্ষ তাদের সীমান্তে গতকাল থেকে কড়াকড়ি আরোপ করেছে। তবে সীমিত সংখ্যায় আশ্রয়প্রার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। ডেনমার্ক থেকে অরসান্ড প্রণালির সেতু পেরিয়ে ট্রেনযোগে যেসব বিদেশি নাগরিক সুইডেনে প্রবেশ করেন, পুলিশ গতকাল তাঁদের পরিচয় যাচাই করে।