ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বাবাটুন্ডে আর নেই

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক বাবাটুন্ডে ওসোতিমেহিন মারা গেছেন। ৪ জুন রাতে নিউইয়র্কে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। বাবাটুন্ডের বয়স হয়েছিল ৬৮। গতকাল মঙ্গলবার ইউএনএফপিএ বাংলাদেশ এ কথা জানিয়েছে।
নাইজেরিয়ার নাগরিক বাবাটুন্ডে দীর্ঘদিন নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এইচআইভি/এইডসের সংক্রমণ রোধ ও প্রজননস্বাস্থ্যের উন্নয়নে কাজের জন্য তিনি বিশ্বব্যাপী সুনাম অর্জন করেন। তিনি ২০১১ সালে ইউএনএফপিএর চতুর্থ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নেন। বাবাটুন্ডে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।
বাবাটুন্ডে ওসোতিমেহিন বিশেষ করে নারী, শিশু এবং তরুণ-তরুণীদের জন্য অনেক কর্মসূচি পরিচালনা করেছেন। বাবাটুন্ডের নেতৃত্বে বিশ্বব্যাপী মায়েদের স্বাস্থ্য এবং অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। তিনি মাতৃমৃত্যু, পরিবার পরিকল্পনায় অপূরণকৃত চাহিদা এবং নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।
১৯৭৯ সালে বাবাটুন্ডে মেডিসিন বিষয়ে ডক্টরেট করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তিনি নেতৃত্ব দেন। বাবাটুন্ডে পাঁচ সন্তানের জনক। ইউএনএফপিএর নির্বাহী পরিচালক হিসেবে তিনি কয়েকবার বাংলাদেশ সফরে এসেছিলেন। বিজ্ঞপ্তি