ইউক্রেন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে: পুতিন
ইউক্রেন সরকার দেশের পূর্বাঞ্চলে রুশপন্থীদের দমন করতে সেনা পাঠিয়েছে। ইউক্রেনের এই উদ্যোগে ক্ষুব্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
ক্রেমলিনের এক বিবৃতিতে গতকাল জানানো হয়, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তিনি বলেন, দেশটির সংকট কার্যত গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছে। এই সময় দুই নেতাই ইউক্রেন নিয়ে জেনেভা আলোচনাকে গুরুত্ব দেন। ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের আজ বৃহস্পতিবার ওই আলোচনায় বসার কথা।
ইউক্রেনের পূর্বাঞ্চলের স্লাভিয়ানস্কসহ প্রায় ১০টি শহরের পুলিশ স্টেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর গত শনিবার দখলে নেয় রুশপন্থী অস্ত্রধারীরা। তাদের হটাতে সেখানে অভিযান শুরু করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। গত মঙ্গলবার ট্যাংকও মোতায়েন করা হয়েছে। কিয়েভের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে মস্কো বলেছে, সেখানে শক্তি প্রয়োগ করা হলে তার ফল ভালো হবে না। তবে এ ক্ষেত্রে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে পশ্চিমা দেশগুলো।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর প্রধান জেনারেল ভ্যাসিল ক্রতভ রুশপন্থী অস্ত্রধারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা অস্ত্র ত্যাগ না করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে।
তবে মস্কো বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে এভাবে শক্তি প্রয়োগ সংবিধান পরিপন্থী। জাতিসংঘের মহাসচিব বান কি মুনকেও ফোন করেছেন পুতিন। তিনি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ইউক্রেনের বিরুদ্ধে কঠোর নিন্দা প্রত্যাশা করেন। এএফপি।