ইউক্রেন নিয়ে ফোনালাপ ফাঁস, অস্বস্তিতে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের চলমান সংকট নিয়ে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক ও কিয়েভে মার্কিন রাষ্ট্রদূতের এক ফোনালাপ ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে ইউক্রেন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমিকাকে তাচ্ছিল্য করা হয়েছে।
ফোনালাপটি সত্যি হলে ইউক্রেনের গণবিক্ষোভে ওয়াশিংটনের ইন্ধনের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হবে। এ নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র।
ফাঁস হওয়া ওই ফোনালাপে একটি নারী কণ্ঠ ও একটি পুরুষ কণ্ঠ রয়েছে। নারী কণ্ঠটি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড এবং পুরুষ কণ্ঠটি ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জিওফ্রে পিয়টের বলে মনে করা হচ্ছে। নুল্যান্ড কথিত ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে কয়েক মাস ধরে চলা সংকটের অবসানে ইইউ ও যুক্তরাষ্ট্র সক্রিয় রয়েছে। গত বছরের নভেম্বর মাসে ওই সংকট শুরু হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট দৃশ্যত রাশিয়ার চাপে ইইউর সঙ্গে একটি বাণিজ্যবিষয়ক চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানানোর পর ইইউপন্থী নাগরিকেরা বিক্ষোভ শুরু করলে সমস্যার সূত্রপাত হয়।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নুল্যান্ড ও রাষ্ট্রদূত পিয়টের মধ্যে কথিত ওই ফোনালাপ ভিডিও আকারে গত বৃহস্পতিবার থেকে ইউটিউব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ভিডিওটির এক জায়গায় পুরুষ কণ্ঠটিকে বলতে শোনা যায়, ‘সুতরাং আমি মনে করি, বিষয়টার সমাধানে এটা চমৎকার হবে। এটার জন্য জাতিসংঘের সাহায্য রয়েছে এবং আপনি জানেন...।’ এ পর্যায়ে তিনি ইইউ সম্পর্কে একটি অশিষ্ট শব্দ ব্যবহার করেন। জবাবে পুরুষ কণ্ঠটিকে বলতে শোনা যায়, ‘আমরা কিছু করার সুযোগ পেয়েছি, যা একে পরস্পরের প্রতি অনুগত থাকার মতো অবস্থা করে দেবে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমি এটা বলছি না যে এটা যথার্থ নয়।’ মুখপাত্র জানান, নুল্যান্ড ইইউর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অবশ্যই ‘উল্লিখিত ওই মন্তব্যের জন্য’ দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে ইইউর একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কথিত ফাঁস হওয়া ফোনালাপের ব্যাপারে কোনো মন্তব্য করি না।’ বিবিসি ও রয়টার্স।