রাশিয়াকে নৌঘাঁটি ইজারার চুক্তি অনুমোদন
ইউক্রেন পার্লামেন্টে স্পিকারকে লক্ষ্য করে ডিম ও ধূম্রবোমা
নৌঘাঁটি ইজারার মেয়াদ বাড়িয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে গতকাল মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটির সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা স্পিকারকে লক্ষ্য করে ডিম ও ধোঁয়া সৃষ্টিকারী বোমা ছোড়েন। এ ছাড়া পার্লামেন্টের বাইরেও বিক্ষোভ করেন বিরোধীরা। কিন্তু এত কিছুর পরও চুক্তিটি অনুমোদন করেছে পার্লামেন্ট।কৃষ্ণসাগরের উত্তর উপকূলে ইউক্রেনের ক্রিমিয়ায় সিভাস্তুপোল নৌঘাঁটি রাশিয়ার কাছে ইজারার মেয়াদ বাড়িয়ে গত সপ্তাহে চুক্তিতে স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ। চুক্তি অনুযায়ী রাশিয়ার নৌবাহিনী ঘাঁটিটি ২০৪২ সাল পর্যন্ত ব্যবহার করতে পারবে। তবে ইউক্রেনের সরকারবিরোধীরা এ চুক্তির সমালোচনা করে বলেছেন, এতে করে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে।চুক্তি অনুমোদনের জন্য গতকাল ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। ভোটাভুটির আগে বিরোধী দলের সদস্যরা চুক্তির বিরোধিতা করে চিত্কার করতে থাকেন। একপর্যায়ে তাঁরা স্পিকার ভলোদেমির লিতভিনকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। তবে স্পিকারের দেহরক্ষীরা তাঁর মাথার ওপর দুটি ছাতা ধরে তাঁকে রক্ষা করেন। এরপর একটি ধোঁয়া সৃষ্টিকারী বোমা ছোড়া হয়। এ সময় পার্লামেন্টের কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে সদস্যরা রুমাল দিয়ে নাক ঢাকেন। কেউ কেউ মাস্ক পরেন। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় আরেকটি ধূম্রবোমা বিস্ফোরিত হলে পুরো পার্লামেন্ট কক্ষ অন্ধকার হয়ে যায়। কিন্তু এত কিছুর মধ্যেও অনেক সদস্য কাজ করতে থাকেন, যেন কিছুই হয়নি।পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কে পার্লামেন্টের ভেতর সাংবাদিকদের বলেন, ইউক্রেন ও ইউক্রেনের পার্লামেন্টের ইতিহাসে আজকের দিন কালো অধ্যায় হয়ে থাকবে।প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ জানিয়েছেন, চুক্তির বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ৩০ শতাংশ কম মূল্যে গ্যাস পাওয়া যাবে। দেশের অর্থনীতির জন্য এটা খুবই দরকার।আর প্রধানমন্ত্রী মায়কোলা আজারভ বলেছেন, ‘এ চুক্তির কোনো বিকল্প নেই। চুক্তির মাধ্যমে কম দামে গ্যাস পাওয়া যাবে। আর এর অর্থ একটি ভালো বাজেট। ভালো বাজেট মানে, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি এবং সম্ভাব্য বিদেশি বিনিয়োগ। ইউক্রেনের উন্নয়ন ও ভবিষ্যতের জন্য এগুলো খুবই প্রয়োজন।’পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্পিকার চুক্তিটি ভোটাভুটির জন্য উত্থাপন করেন। ৪৫০ আসনের পার্লামেন্টে চুক্তির পক্ষে পড়ে সংখ্যাগরিষ্ঠ ২৩৬ ভোট। এ সময় বিরোধী দলের সদস্যরা ‘লজ্জা’, ‘লজ্জা’ বলে স্লোগান দেন।পার্লামেন্টে যখন এত কিছু হচ্ছে, তখন পার্লামেন্টের বাইরেও পশ্চিমাপন্থী সাবেক সরকারের হাজার হাজার সমর্থক বিক্ষোভ করেন। তাঁরা স্লোগান দেন, ‘বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ড চাই’, ‘ক্রিমিয়ার ঘাঁটি আমাদের’।তবে সরকারপক্ষের সমর্থকেরাও এ সময় বসে ছিলেন না। ‘ইউক্রেন ও রাশিয়া: কৌশলগত অংশীদার’ স্লোগান লেখা ব্যানার নিয়ে তাঁরা পাল্টা মিছিল বের করেন।গত সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেন, নৌঘাঁটি ইজারা নিয়ে এ বিতর্ক কাম্য নয়। এএফপি, বিসিসি, রয়টার্স।