ইউক্রেন যাচ্ছে মালয়েশিয়ার তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে বিমান বিধ্বস্ত হওয়ার স্থানে আজ শনিবার মালয়েশিয়ার একটি দুর্যোগ মোকাবিলাকারী দল যাচ্ছে। ওই দলে বিমান দুর্ঘটনা তদন্তে দুজন কর্মকর্তা রয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাস্থলে প্রবেশের ব্যাপারে সহযোগিতা চেয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এ প্রসঙ্গে নাজিব রাজাক গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি ফোনে পুতিনের কাছে এ ঘটনার তদন্তের গুরুত্ব তুলে ধরেছেন।

নাজিব বলেন, ‘আমি পুতিনকে আরও বলেছি, তদন্ত শুরু করার আগে যাতে কেউ দুর্ঘটনাস্থলের আলামত নষ্ট না করে। পুতিন বলেছেন, তিনি আশা করেন দুর্ঘটনাস্থলে তদন্ত দলের প্রবেশের স্বার্থে যুদ্ধবিরতিতে রাজি হবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।’

মালয়েশিয়া এয়ারলাইনসের একটি সূত্র জানিয়েছে, ৬২ সদস্যের একটি দল স্থানীয় সময় আজ ভোরে কিয়েভ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই দলে দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকর্মী, চিকিত্সক, মালয়েশিয়ার বিমানবাহিনীর প্রতিনিধি, মালয়েশিয়া এয়ারলাইনস এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা রয়েছেন।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, দলটিতে বিমান দুর্ঘটনা তদন্তে দুজন বিশেষজ্ঞ থাকছেন। এই বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার তদন্তে অংশ নিতে তাঁদের আমন্ত্রণ জানিয়েছে ইউক্রেন।

গত বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বিমানটি রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে ভূপাতিত হলে ২৯৮ আরোহীর সবাই নিহত হন।

বিমানটি ইউক্রেনে বিধ্বস্ত হওয়ায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিষয়টি তদন্ত করার দায়িত্ব ইউক্রেন সরকারের। কিন্তু ইউরোপভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি দল গতকাল দুর্ঘটনাস্থলে আংশিক প্রবেশের পর উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, নিরাপত্তার অজুহাত দেখিয়ে পর্যবেক্ষকদের সামনে এগোতে বাধা দিচ্ছে বিদ্রোহীরা।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঞ্জ টিমারমান্সসহ ১৫ সদস্যের একটি তদন্ত দল ইতিমধ্যে কিয়েভ পৌঁছেছে। বিধ্বস্ত বিমানটিতে প্রায় ২০০ জন ডাচ নাগরিক ছিলেন।