ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে: এফএও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেন যুদ্ধের কারণে গমের দাম বেড়ে গেছে
ছবি: এএফপি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যের দাম মার্চ মাসে ‘সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে। এএফপির খবর

আজ শুক্রবার জাতিসংঘের এই সংস্থার পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় প্রধান শস্য ও উদ্ভিজ্জ তেলের বাজারে বড় ধাক্কা লেগেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেন রুশ সেনারা। এরপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে শুরু করে। এতে রপ্তানি প্রবাহে ব্যাঘাত সৃষ্টি হলে বিশ্বব্যাপী খাদ্যসংকটের আশঙ্কা বেড়েছে। আগে থেকেই খাদ্যসংকটে থাকা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষেত্রে ঝুঁকি আরও বেড়েছে।

রাশিয়া ও ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলে নানা খাদ্যশস্য ও পণ্য উৎপন্ন হয়। এর মধ্যে রয়েছে গম, উদ্ভিজ্জ তেল ও ভুট্টা ইত্যাদি। বিশ্বে এসবের রপ্তানির একটি বড় অংশ আসে এ অঞ্চল থেকে।

এফএও এক বিবৃতিতে বলেছে, কৃষ্ণ সাগরীয় অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ায় খাদ্যশস্য ও উদ্ভিজ্জ তেলের বাজারে গত মার্চ মাসে বড় ধরনের ধাক্কা লেগেছে। ফলে খাদ্যদ্রব্যের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

আরও পড়ুন

জাতিসংঘের সংস্থাটি আরও বলেছে, তাদের খাদ্য মূল্যসূচক ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ১৯৯০ সালে এই সূচক প্রবর্তনের পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এটি। এর মধ্যে উদ্ভিজ্জ তেল, শস্য ও মাংসের দাম সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এ ছাড়া চিনি ও দুগ্ধজাত পণ্যের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

দুর্ভিক্ষের আশঙ্কা

এফএও বলেছে, গত তিন বছরে বিশ্বব্যাপী রাশিয়া ও ইউক্রেন যথাক্রমে প্রায় ৩০ ও ২০ শতাংশ গম, ভুট্টা রপ্তানি করে আসছিল। ইউক্রেনে এখন শস্যবীজ বপনের মৌসুম চলছে। কিন্তু সেখানে যুদ্ধ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্বজুড়ে গমের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বেড়েছে।

সংস্থাটি বলেছে, খাদ্যশস্যের উৎপাদন ও জোগান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণে খাদ্যের দাম আরও বেড়েছে। উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক ২৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সূর্যমুখী তেলের দাম বেড়েছে অনেক বেশি। ইউক্রেন বিশ্বে সূর্যমুখী তেলের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধের কারণে ঘাটতির আশঙ্কায় স্প্যানিশ সুপারমার্কেটগুলো তাদের গ্রাহকদের মজুত প্রবণতা ঠেকাতে সূর্যমুখী তেল বিক্রি কমিয়ে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বৈশ্বিক খাদ্যসংকট সৃষ্টির জন্য অভিযুক্ত করেছে। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে ফ্রান্স।

ইউক্রেনে সংঘাতের কারণে তেল ও গ্যাসের দামও আকাশছোঁয়া। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বেড়েছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি লাইনচ্যুত হওয়ার উদ্বেগ সৃষ্টি করেছে।