ইউক্রেন-সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছে ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের ডানটাস্ক শহরে যুদ্ধবিরোধী মিছিলে শামিল হন শত শত মানুষ। ছবি: রয়টার্স
ইউক্রেনের ডানটাস্ক শহরে যুদ্ধবিরোধী মিছিলে শামিল হন শত শত মানুষ। ছবি: রয়টার্স

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের বিষয়ে কতটা কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত, এ ব্যাপারে আলোচনা করতে জরুরি সভায় বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আজ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউক্রেন-সংকট নিয়ে ফ্রান্সের প্যারিসে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হওয়া যুক্তরাষ্ট্র-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের এক দিন পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইইউভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলো এ বিষয়ে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে। তবে জার্মানির প্রভাববলয়ে থাকা অন্য দেশগুলো মনে করে, মধ্যস্থতার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব।
এদিকে রাশিয়াপন্থী সশস্ত্র ব্যক্তিদের হুমকির মুখে ক্রিমিয়ায় জাতিসংঘের বিশেষ দূত রবার্ট সেরি ওই অঞ্চলে তাঁর সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হন। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ডানটাস্কে ইউক্রেনপন্থী ও রাশিয়াপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 
ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে সহিংস ঘটনার আশঙ্কা এখনো রয়েছে। ক্রিমিয়ার নিয়ন্ত্রণ এখনো রুশ সেনাদের হাতে। একই সঙ্গে পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী এলাকাগুলোতে মস্কো হস্তক্ষেপ করতে পারে—এমন উদ্বেগও রয়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটো ও রাশিয়া বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠক করতে যাচ্ছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ব্রাসেলসে বৈঠক করবেন। এর মধ্যে ইউক্রেন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত না হলে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করা হতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার ক্রিমিয়ায় রুশ পদক্ষেপের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক মাস ধরে গণবিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি দিলেও সেখান থেকে রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার কোনো ইঙ্গিত দেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। বরং প্রয়োজন হলে শেষ অবলম্বন হিসেবে ইউক্রেনে শক্তি প্রয়োগ করা হবে বলেও জানান দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেনে রাশিয়ার ন্যায়সংগত স্বার্থ রয়েছে, এটা ঠিক। তবে তা পুতিনকে সেখানে সামরিকভাবে হস্তক্ষেপ করার অধিকার দেয়নি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের দৃশ্যত কিছু কৌঁসুলি রয়েছেন, যাঁরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তবে আমি এটা মনে করি না যে তাঁদের ব্যাখ্যা কাউকে বোকা বানাতে পারবে।’