ইউক্রেন সংকট: যুদ্ধবিরতির পরও দিনে ১৩ জনের প্রাণহানি

ইউক্রেন সংকট নিয়ে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হলেও ইউক্রেনের পূর্বাঞ্চলে এখনো সহিংসতা অব্যাহত রয়েছে। অব্যাহত এ সহিংসতায় প্রতিদিন গড়ে ১৩ জনের প্রাণহানি হয়েছে। আর গত আড়াই মাসে সহিংসতায় মারা গেছে ৯৫৭ জন।
জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের বরাত দিয়ে বিবিসি আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। গত ৫ সেপ্টেম্বর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি এ চুক্তি হয়। এর পরও দুপক্ষের মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।
ইউএন হিউম্যান রাইটস কমিশনারের এক প্রতিবেদনে বলা হয়, রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন দোনেতসক ও লুহানসকের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। এমনকি সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগও করা হয়েছে ওই প্রতিবেদনে।
গত এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত শুরু হয়। রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা এলাকা পুনরায় কিয়েভ নিজেদের দখলে নিতে অভিযান চালালে এ সংঘাতের শুরু হয়। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা ওই এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিলে সংঘাত দেখা দেয়।
এ দিকে অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী ইউরোপিয়ান সিকিউরিটি বডি ওএসসিই ইউক্রেনের পূর্বাঞ্চল ও রাশিয়ার সীমান্তবর্তী এলাকা তদারকি করবে। কিন্তু তদারককারীরা অভিযোগ করেছেন, তাঁরা সরকার–নিয়ন্ত্রিত এলাকায় ইউনিফরম পরা সৈন্যদের গুলির শিকার হয়েছেন।
ওএসসিই জানিয়েছে, দোনেতসক থেকে ১৫ কিলোমিটার দূরে মারিনকায় ওএসসিইর বহরে দুটি গুলির ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে আজ বৃহস্পতিবার ইউক্রেনে জাতিসংঘের প্রতিনিধিদল জানিয়েছে, গত এপ্রিলে শুরু হওয়া এই সংঘাতে ৪ হাজার ৩১৭ জনের প্রাণহানি হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, গত দুই মাসে ইউক্রেনে ৪ লাখ ৬৬ হাজার ৮২৯ জন গৃহহীন হয়ে পড়েছে। অস্ত্র ব্যবহারের কারণে সেখানে মানবাধিকার পরিস্থিতিও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।