ইউক্রেনকে সাহায্যের হাত বাড়াল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনকে চলমান অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করতে হাত বাড়িয়েছে রাশিয়া। গত মঙ্গলবার ইউক্রেনের কাছ থেকে দেড় হাজার কোটি ডলারের বন্ড কেনার ব্যাপারে রাজি হয়েছে মস্কো। পাশাপাশি তারা ইউক্রেনে কম দামে গ্যাস সরবরাহ করবে। তবে এর পরও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে (ইইউ) আর্থিক চুক্তির দাবিতে রাজপথে নামা বিক্ষোভকারীরা সরকারবিরোধী আন্দোলন বন্ধ করবে কি না, তা স্পষ্ট নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বৈঠকের পর দেশটির কাছ থেকে বন্ড কেনার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে ইয়ানুকোভিচকে পাশে রেখে পুতিন বলেন, ‘ইউক্রেনের অর্থনৈতিক নিরাপত্তার জন্য রাশিয়া তার জাতীয় কল্যাণ তহবিলের সঞ্চয় থেকে একটি অংশ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এর পরিমাণ দেড় হাজার কোটি মার্কিন ডলার।’ পুতিন জানান, কোনো শর্ত ছাড়াই ইউক্রেনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমঝোতার আওতায় ইউক্রেনের গ্যাস কোম্পানি নাফটোগ্যাস রাশিয়ার শীর্ষ জ্বালানি কোম্পানি গাজপ্রমকে প্রতি হাজার ঘনমিটার গ্যাসের জন্য ২৬৮ দশমিক পাঁচ ডলার পরিশোধ করবে। এর আগে নাফটোগ্যাস একই পরিমাণ গ্যাসের দাম দিত ৪০০ ডলার। ইউক্রেন গ্যাসের জন্য বহুলাংশে ‘সাবেক অভিভাবক’ রাশিয়ার ওপর নির্ভরশীল। দেশটির জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসের ১ তারিখ থেকেই নতুন দামে গ্যাসের মূল্য পরিশোধ করবে তারা।
ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ রাশিয়ার এই উদ্যোগকে ‘ঐতিহাসিক’ সমঝোতা বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, রাশিয়ার সঙ্গে এই সমঝোতার ফলে ইউক্রেনে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। সরকারের দেউলিয়া হওয়া ও সামাজিক খাতগুলোর পতনও রোধ করা সম্ভব হবে।
তবে রাশিয়ার সঙ্গে এই সমঝোতা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিক্ষোভকারীরা। এই সমঝোতায় রাশিয়া ইউক্রেনের কাছ থেকে কী চাইছে, তা প্রকাশ করার দাবি জানিয়েছে তারা। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইইউর সঙ্গে সমঝোতা করতে ইউক্রেনের প্রতি চাপ বজায় রেখেছে। রাশিয়া-ইউক্রেনের সমঝোতার সমালোচনা করেছেন ইউক্রেনের বিরোধীদলীয় নেতা ভিতালি ক্লিৎসকো। মঙ্গলবার কিয়েভে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তৃতায় তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রাশিয়ার সঙ্গে সমঝোতা করে ইউক্রেনের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গতকাল বুধবার বলেছেন, ইউক্রেনের প্রতি ইইউর প্রস্তাব এখনো আলোচনার টেবিলে আছে।
গত মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি আর্থিক চুক্তি সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এর প্রতিবাদে বিক্ষোভ করছে বিরোধীরা। বিবিসি, আল-জাজিরা ও এএফপি।