ইউক্রেনকে 'অস্থিতিশীল' করলে চরম মূল্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনকে ‘অস্থিতিশীল’ করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। পাশাপাশি ন্যাটোও মস্কোকে হুমকি দিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক, খারকিভ ও লুহানস্ক শহরের সরকারি ভবন দখল করেছে রুশপন্থী বিক্ষোভকারীরা। এ ঘটনার পর ইউক্রেন ওই শহরগুলোতে নিরাপত্তা বাহিনী পাঠাচ্ছে।
ইউক্রেনের সরকার দাবি করছে, খারকিভে রুশপন্থী বিক্ষোভকারীদের দখল থেকে আঞ্চলিক প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। দোনেস্ক ও লুহানস্ক শহরের সরকারি ভবনগুলোও দখলমুক্ত করা হবে।
দোনেস্কে সরকারি ভবন দখলকারীরা গত সোমবার শহরটিকে ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণা করে। তারা ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হতে আগামী ১১ মে গণভোটেরও ঘোষণা দেয়। রাশিয়া সম্প্রতি গণভোটের মাধ্যমে ইউক্রেনের রুশ ভাষাভাষী এলাকা ক্রিমিয়াকে নিজেদের করে নেয়।
কেরি-লাভরভ ফোনালাপ: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় কেরি ইউক্রেনে ‘বিচ্ছিন্নতাবাদী, অন্তর্ঘাতক ও উসকানিদাতাদের কর্মকাণ্ড’ না মেনে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান। সাকি বলেন, ‘কেরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে আরও অস্থিতিশীল করার প্রচেষ্টা রাশিয়ার জন্য ক্ষতি ডেকে আনবে।’
ন্যাটোর মহাসচিবের হুঁশিয়ারি: ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন গতকাল প্যারিসে সংবাদ সম্মেলনে বলেন, ‘রাশিয়া ইউক্রেনে আরও হস্তক্ষেপ করলে তা হবে ঐতিহাসিক একটি ভুল। এটা আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে গুরুতর পরিণতি ডেকে আনবে এবং তারা আন্তর্জাতিকভাবে আরও নিঃসঙ্গ হয়ে পড়বে।’
রাসমুসেন বলেন, রাশিয়া পূর্ব ইউক্রেনে ঢুকে পড়লে সামরিকভাবে তার জবাব দেওয়া হবে কি না, তা এখনই বলা ঠিক হবে না। তবে তিনি ইউক্রেন সীমান্তে মোতায়েন করা রুশ সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
এদিকে রাশিয়ার দিকে আঙুল তুলে ইউক্রেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরসেনিয়ে ইয়াতসেনিউক বলেন, ‘ইউক্রেনবিরোধী একটি পরিকল্পনা চলছে, যার অধীনে বিদেশি সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে দেশের ভূখণ্ড দখল করবে। আমরা এটা বরদাশত করব না।’ রয়টার্স ও বিবিসি।