ইউক্রেনে অভিযান চালাতে পারে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া তিন থেকে পাঁচ দিনের মধ্যে ইউক্রেনে অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার ফিলিপ ব্রিডলাভ। এজন্য সীমান্তে প্রয়োজনীয় সৈন্য মোতায়েনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে রাশিয়া।

ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপ ব্রিডলাভ এই আশঙ্কা ব্যক্ত করেন। মার্কিন বিমান বাহিনীর এই জেনারেল বলেন, ন্যাটো রাতে রুশ বাহিনীর একটি ছোট অংশের গতিবিধির ওপর নজর রেখেছিল। ওই অংশটি এক স্থান থেকে অন্যত্র সরে গেলেও তারা ব্যারাকে ফিরে যাচ্ছে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফিলিপ বলেন, ‘এটা খুবই বড়, খুবই সক্ষম ও খুবই প্রস্তুত একটা বাহিনী। আমরা আশঙ্কা করছি, তারা সামনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তত রয়েছে। আমাদের ধারণা, সামনে অগ্রসর হওয়ার নির্দেশনা পেলে তারা তিন থেকে পাঁচদিনের মধ্যেই অভিযানে নামতে পারে।’ দ্য ইনডিপেনডেন্ট।ক্রিমিয়া সংকটের পরিপ্রেক্ষিতে রাশিয়াকে সহযোগিতা স্থগিত রাখার ব্যাপারে গত মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। ন্যাটোর এই পদক্ষেপ ‘স্নায়ুযুদ্ধকালীন’ আচরণের অনুরূপ বলে অভিযোগ করে মস্কো বলেছে, এতে কোনো পক্ষই লাভবান হবে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্দর লুকাশেভিচ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতির ভাষা ও ধরন অনেকটা স্নায়ুযুদ্ধকালীন বাগ্যুদ্ধের সঙ্গে মিলে যায়। ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে পাঁচ দিনব্যাপী যুদ্ধের সময়ও মস্কোর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ন্যাটো। পরে তারা স্বেচ্ছায় আবার রাশিয়াকে সহযোগিতা শুরু করে।

ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফাগ রাসমুসেন মঙ্গলবার বলেন, ক্রিমিয়াকে দ্রুত গ্রাস করে নেওয়ায় এবং ইউক্রেন সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়েনের খবরের পরিপ্রেক্ষিতে রাশিয়াকে সব ধরনের বাস্তব সহযোগিতা (সামরিক ও বেসামরিক) স্থগিত করছে ন্যাটো। রয়টার্স, এএফপি ও ইনডিপেনডেন্ট।