ইউক্রেনে আবার সরকারি ভবনে রাশিয়াপন্থীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করে পূর্ব ইউক্রেনের বেশ কিছু সরকারি ভবনে আবার হামলা চালিয়ে সেগুলো দখল করে নিয়েছে রাশিয়াপন্থী সরকারবিরোধীরা।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আজ সোমবার সকালের দিকে ইউক্রেনের হরলিভকা শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে সেটি রাশিয়াপন্থী সরকারবিরোধীরা দখল করে।
এর আগে গত শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক এলাকায় একটি পুলিশ স্টেশন ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর একটি ভবন দখলে নেয় একদল বন্দুকধারী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ ওই বন্দুকধারীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন।
এ বিষয়ে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অলেক্সান্দার তুর্কেনভ বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য ইউক্রেন প্রস্তুত।
তবে পূর্ব ইউক্রেনের জনগণ এখন তাকিয়ে আছে তুর্কনভের দিকেই। রাশিয়াপন্থী সরকারবিরোধীদের মোকাবিলায় কঠোর হুমকি দেওয়াসহ সেনা মোতায়েনের দাবি জানিয়েছে তারা।
এদিকে ইউক্রেনের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য মস্কোকে দায়ী করছে কিয়েভ। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গতকাল রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পূর্ব ইউক্রেনের আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার জন্য কিয়েভকে আহ্বান জানিয়েছে রাশিয়া।