ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে অনুষ্ঠেয় মধ্য ও পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোর এক শীর্ষ সম্মেলন স্থগিত করেছে ইউক্রেন। রাষ্ট্রপ্রধানদের কয়েকজন সম্মেলন বর্জনের কথা জানানোর পর এটি স্থগিত করা হয়।ইউক্রেনের কারাবন্দী বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ুলিয়া তিমোশেঙ্কোকে নিয়ে ইউরোপজুড়ে ব্যাপক শঙ্কা দেখা দেওয়ার প্রেক্ষাপটে নেতারা ওই শীর্ষ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। ইয়াল্টা নগরে ১১-১২ মে সম্মেলনটি অনুষ্ঠানের কথা ছিল। তিমোশেঙ্কো দীর্ঘস্থায়ী কোমর ব্যথায় ভুগছেন। পাশাপাশি তাঁর ওপর সরকারের নির্যাতনের প্রতিবাদে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। সম্মেলন বর্জনকারী নেতাদের মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, রোমানিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টরা রয়েছেন। সম্মেলনের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। সম্মেলন বর্জনের পাশাপাশি ওই নেতারা দেশটিতে আগামী মাসে অনুষ্ঠেয় ইউরো ২০১২ ফুটবল খেলাও বর্জন করতে পারেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার দাইকুজারভ বলেন, কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রপ্রধান ১৮তম ওই সম্মেলনে অংশ নিতে পারবেন না। এ জন্য নির্ধারিত সময়ে এটি আর অনুষ্ঠানের প্রয়োজন নেই।প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অপরাধে তিমোশেঙ্কোর সাত বছরের কারাদণ্ড হয়েছে। তিনি বর্তমানে পূর্বাঞ্চলীয় নগর খারকিভের একটি কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন। গত মঙ্গলবার তিনি কারাগার থেকে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত হতে অস্বীকার করেন। তিমোশেঙ্কো অভিযোগ করেন, এর আগে হাসপাতালে আরেক দফা স্থানান্তরিত হওয়ার প্রচেষ্টাকালে কারারক্ষীরা তাঁকে মারধর করেন। তিমোশেঙ্কোর সমর্থকেরা তাঁর দেহের আঘাতের চিহ্নসংবলিত ছবি প্রকাশ করেছেন। বিবিসি।