রাশিয়া কিয়েভে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন৷ দেশটির জ্বালানিমন্ত্রী ইউরি প্রোদান গতকাল সোমবার বলেন, রাশিয়া ইউক্রেনে গ্যাস সরবরাহ কমিয়ে শূন্যতে নামিয়ে এনেছে৷ খবর বিবিসি ও রয়টার্সের৷
এর আগে গ্যাস কোম্পানি গাজপ্রম বলেছিল, ইউক্রেনকে গ্যাস পেতে হলে অগ্রিম মূল্য পরিশোধ করেতে হবে৷ বিশাল পরিমাণে বকেয়া পরিশোধের বিষয়ে কিয়েভ সমঝোতায় পৌছাতে ব্যর্থ হওয়ার পর এ ঘোষণা এল৷ তবে ইউক্রেনের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি নাফতোগাজ বলেছে, তারা গাজপ্রমকে অতিরিক্ত অর্থ দিয়েছে৷ সেটা ফিরে পেতে তারা মামলা করেছে৷
রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা৷ ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া নিজেদের অংশ করে নেওয়ার পর থেকেই মস্কো-কিয়েভ সম্পর্কে টানাপোড়েন চলছে৷ কিয়েভের অভিযোগ, মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে৷ তবে রাশিয়া অভিযোগ অস্বীকার করে আসছে৷
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস কোম্পানি গাজপ্রম আগেই হুমকি দিয়েছিল, ১৬ জুন গ্রিনিচ মান সময় ভোর ছয়টার মধ্যে ইউক্রেন মোট ৪৫০ কোটি মার্কিন ডলার বকেয়ার মধ্যে ১৯৫ কোটি ডলার পরিশোধ না করলে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হবে৷ তবে তারা ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে৷
গাজপ্রম গতকাল এক বিবৃতিতে বলে, ‘আজ মস্কোর সময় সকাল ১০টা থেকে গাজপ্রম বর্তমান চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য নাফতোগাজকে অগ্রিম মূল্য পরিশোধ করতে বলছে৷ আজ থেকে ইউক্রেনের ওই কোম্পানিটি মূল্য পরিশোধ করলেই কেবল রাশিয়ার গ্যাস পাবে৷’
চলমান সংকট নিয়ে কিয়েভে ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি সংলাপ সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর গাজপ্রমের এ ঘোষণা এল৷ গাজপ্রমের মুখপাত্র সের্গেই কুপরিয়নভ বলেন, ‘আমরা কোনো সমঝোতায় পেঁৗছাতে পারিনি৷ আবার সংলাপে বসার সম্ভাবনাও ক্ষীণ৷’
তবে সংলাপে অংশ নেওয়া ইইউর জ্বালানি কমিশনার গুয়েন্থার ওয়েতিঙ্গার বলেন, তিনি ‘হতাশ’ নন, এখনো তিনি একটি চুক্তির ব্যাপারে আশাবাদী৷
কিয়েভে অনুষ্ঠিত সংলাপে গাজপ্রমকে কিয়েভের মোট বকেয়ার মধ্যে সোমবার ১০০ কোটি ডলার এবং বাকি অর্থ কিস্তিতে পরিশোধ করার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ তবে গাজপ্রম তা প্রত্যাখ্যান করে৷ রুশ কোম্পানিটি ইউক্রেনকে হ্রাসকৃত মূল্যে যে গ্যাস দিয়ে আসছিল, তা গত এপ্রিলে বাতিল করে৷
গাজপ্রমের সর্বশেষ পদক্ষেপের পর পাল্টা ব্যবস্থা নিয়েছে নাফতোগাজও৷ ইউক্রেনের রাষ্ট্রীয় এই কোম্পানিটি গতকাল দাবি করেছে, তারা গাজপ্রমকে নির্ধারিত পাওনার চেয়েও ৬০০ কোটি ডলার অতিরিক্ত অর্থ দিয়েছে৷ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার পরই তারা এই অর্থ ফিরে পেতে সুইডেনের স্টকহোমভিত্তিক সালিসি আদালতে মামলা করেছে৷
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, বিষয়টি নিয়ে ইউক্রেন ব্ল্যাকমেল করতে চাইছে৷