ইউক্রেনে তিমাশেঙ্কোর মামলার শুনানি মুলতবি
ইউক্রেনের একটি আদালত গতকাল বুধবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কোর বিচার কার্যক্রম আগামী ৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।আদালতের বিচারক রোডিওন কিরেয়েভ বলেন, ‘আদালত আগামী ৪ জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার নির্দেশ দিচ্ছেন।’ মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানিয়ে তিমাশেঙ্কো বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের পর প্রাপ্ত তথ্য পড়ে দেখার জন্য তাঁর তিন সপ্তাহ সময়ের প্রয়োজন।তদন্তকারী কর্মকর্তারা জানান, ক্ষমতার অপব্যবহার করে অনেক বেশি দামে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে ১০ বছরের জন্য একটি চুক্তি করেন তিমাশেঙ্কো, যা ছিল ইউক্রেনের অর্থনীতির জন্য বিপর্যয়কর। তদন্তকারী কর্মকর্তারা আরও বলেন, ওই চুক্তি স্বাক্ষরের জন্য মন্ত্রিসভার অনুমোদন ছিল না।অভিযোগ প্রমাণিত হলে তিমশেঙ্কোর সাত থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া দোষীসাব্যস্ত হলে আগামী বছরের পার্লামেন্ট নির্বাচন এবং ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এএফপি।