ইউক্রেনে ধর্মঘট, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের পদত্যাগের দাবিতে ইউক্রেনে গতকাল সোমবার ধর্মঘট পালন করেছে সরকারবিরোধীরা। তারা কয়েকটি সরকারি দপ্তরও অবরোধ করে।
রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্বরে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করে গত শনিবার আদেশ দেন আদালত। কিন্তু আদেশ উপেক্ষা করেই রোববার সেখানে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এতে লক্ষাধিক মানুষ অংশ নেয় বলে বিরোধীরা দাবি করেছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিরোধী দলের নেতারা গতকাল সারা দেশে ধর্মঘট ও সরকারি দপ্তর অবরোধের ডাক দেয়। গতকাল হাজারো বিক্ষোভকারী মন্ত্রিসভার সদর দপ্তরগুলো ঘেরাও করায় সেখানে সরকারি কর্মকর্তারা যেতে পারেননি।
রোববার সমাবেশ শেষে রাতে কিয়েভের স্বাধীনতা চত্বরে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নেয়। বিরোধী দলের পার্লামেন্ট সদস্যরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। সরকারের পদত্যাগ চেয়ে আগাম নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ চলছে। গত নভেম্বর প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিৎস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি সহযোগিতা চুক্তি সইয়ে অস্বীকৃতি জানানোর পর এ বিক্ষোভ শুরু হয়।
পার্লামেন্টের স্পিকার ভলোদিমার রাইব্যাক বলেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। এ লক্ষ্যে গতকালই বিরোধী নেতাদের সঙ্গে সরকারের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে।
বিরোধী ফাদারল্যান্ড দলের নেতা আরসেনি ইয়াৎসেনিউক জানান, প্রেসিডেন্টের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আহ্বানের পরিকল্পনা রয়েছে তাঁদের।
কিয়েভ পুলিশের মুখপাত্র অলগা বিলিক জানান, রোববার রাতে সংঘর্ষে অন্তত ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। মেয়রের কার্যালয়ের এক মুখপাত্র জানান, আহত প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সরকারের পদত্যাগের দাবিতে রোববার পশ্চিম ইউক্রেনের এলভিভ শহরেও বড় ধরনের বিক্ষোভ হয়। এতে অন্তত ৫০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রেসিডেন্ট ইয়ানুকোভিৎসের জন্মস্থান দোনেৎস্ক শহরে বিক্ষোভ হয়।
বিরোধীদের দাবি, ২০০৪ সালে বিক্ষোভের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় গণ-আন্দোলন। জাতীয়তাবাদী এভোবোদা পার্টির প্রধান অলেহ তাইয়াহবোক গতকাল বলেন, ‘ইউক্রেনে বিপ্লব শুরু হচ্ছে। আমরা দেশব্যাপী ধর্মঘট কর্মসূচি পালন করছি।’ এএফপি ও বিবিসি।