ইউক্রেনে নিরাপত্তারক্ষীদের ভবন বন্দুকধারীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে একটি পুলিশ স্টেশন ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর একটি ভবন দখলে নিয়েছে একদল বন্দুকধারী। আজ শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক এলাকায় এ ঘটনা ঘটেছে।


বিবিসির অনলাইনের খবরে বলা হয়, রাশিয়ার সীমান্তবর্তী ওই এলাকায় আজ গুলি ও গ্রেনেড ছুড়ে ওই দুটি ভবন দখল করে বন্দুকধারীরা। রাশিয়াপন্থী সরকারবিরোধীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ বন্দুকধারীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি ইউক্রেনের দোনেতস্ক শহরের সরকারি ভবন দখলে নেয় রাশিয়াপন্থীরা। ক্রিমিয়ার মতোই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা গণভোটের দাবি জানিয়েছে।

পরিস্থিতি শান্ত করতে গতকাল দোনেতস্ক শহর পরিদর্শনে গেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আরসেনি ইয়ােসনুক। তিনি সরকারবিরোধীদের এই বলে আশ্বস্ত করেছেন যে, রাশিয়ার ভাষা ব্যবহারের ক্ষেত্রে তাঁদের ওপর কোনো বিধি-নিষেধ আরোপ করা হবে না।

এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় এলাকার আরও বেশ কিছু সরকারি ভবন দখল করেছে সরকারবিরোধীরা। ইউক্রেনের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য মস্কোকে দায়ী করছে কিয়েভ। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।