ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গণ-আন্দোলনের জের ধরে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভোটের ফলকে ‘সম্মান’ করার ইঙ্গিত দিয়েছেন৷ খবর বিবিসির৷
রুশপন্থী নীতি গ্রহণ করায় ইউক্রেনে গত নভেম্বর মাসে ইয়ানুকোভিচবিরোধী আন্দোলন শুরু হয়৷ গণ-আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়ে গত ফেব্রুয়ারি মাসে তিনি রাশিয়ায় গিয়ে আশ্রয় নেন৷ এরপর ইউক্রেনের স্বায়ত্তশাসিত ক্রিমিয়াসহ পূর্বাঞ্চলীয় বিভিন্ন রুশ ভাষাভাষী এলাকায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়৷ একপর্যায়ে গণভোটে ক্রিমিয়ার জনগণ স্বাধীনতার পক্ষে রায় দেওয়ার পর মার্চ মাসে ক্রিমিয়ার পার্লামেন্ট রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়৷ রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নিলে আন্তর্জাতিক সমালোচনা শুরু হয়৷
ইউক্রেনের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৫ সালের মার্চ মাসে৷ কিন্তু সময়ের আগে গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন ভিক্তর ইয়ানুকোভিচ৷ এই অবস্থায় দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আগাম নির্বাচনের ঘোষণা দেয়৷ আজকের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কো ও সাবেক মন্ত্রী পেত্রো পোরোশেঙ্কোসহ মোট ২১ জন অংশ নিচ্ছেন৷ বিভিন্ন মতামত জরিপে তিমাশেঙ্কোর চেয়ে এগিয়ে রয়েছেন পোরোশেঙ্কো৷
এদিকে পূর্ব-ইউক্রেনের রুশপন্থীরা প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করার ঘোষণা দিয়েছে৷ সেখানে লোকজনকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য সতর্ক করে দেওয়ার পাশাপাশি বন্দুকের মুখে নির্বাচন কর্মকর্তা ও ভোটার তালিকা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে৷ আর রাশিয়ায় যোগ দেওয়া ক্রিমিয়ায় কোনো ভোট হবে না৷
ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে ‘সম্মান’ জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন৷ সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘ইউক্রেনের জনগণ যে চলমান সংকট থেকে তাদের দেশকে বের করে আনতে চায়, এটা আমরা বুঝি৷ আমরা তাদের পছন্দকে সম্মান করব...তবে একটি গণভোট ও নতুন সংবিধান তৈরি করাই ভালো হবে৷ কারণ, বর্তমান সংবিধানের আওতায় ইয়ানুকোভিচ এখনো ক্ষমতায় রয়েছেন৷’
ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পুতিন মেনে নেবেন কি না, তা নিয়ে সংশয় ছিল৷ তবে এই প্রথম তিনি খোলামেলাভাবে বললেন, যিনিই নির্বাচিত হোক না কেন, রাশিয়া তাঁর সঙ্গে কাজ করে রাজি আছে৷