ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে৷ দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বেশির ভাগ কেন্দ্রে ভোট নিতে দেয়নি৷ তবে দেশের অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে৷ আজ সোমবার নির্বাচনের ফল ঘোষণা করা হবে৷ খবর বিবিসি ও এএফপির৷
ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পেলে আগামী মাসে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ করা হবে৷
ক্রিমিয়া সংকটের কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে ১৯৯১ সালে ইউক্রেনের স্বাধীনতার পর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে মনে করছেন অনেকে৷ কয়েক মাস আগে ব্যাপক আন্দোলনের মুখে ইউক্রেন ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ৷ রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা প্যাকেজ গ্রহণ করার কারণে ইয়ানুকোভিচবিরোধী ওই আন্দোলন শুরু হয়৷
গতকাল নির্বাচনে ইউক্রেনের পশ্চিমাঞ্চল ও রাজধানী কিয়েভে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা না গেলেও বুথের ভেতরে ভোটার ছিল সব সময়ই৷ কোনো কোনো ভোটার স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক পরে ভোট দিতে যান৷ ভোটারদের বক্তব্য, এই নির্বাচনের মধ্য দিয়ে ইউক্রেন সত্যিকার অর্থে স্বাধীন হবে৷
তবে ইউক্রেনের পূর্বাঞ্চল, বিশেষ করে দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে ভোট গ্রহণ প্রায় ভন্ডুল করে দিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা৷ এসব অঞ্চলের বেশির ভাগ কেন্দ্র খুলতেই দেওয়া হয়নি৷ কোনো কোনো কেন্দ্র খুললেও নির্বাচনী সরঞ্জাম তছনছ করা হয়েছে৷
দি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন অব ইউরোপ ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য এক হাজার পর্যবেক্ষক পাঠিয়েছে৷ তবে নিরাপত্তার কথা বিবেচনা করে পূর্বাঞ্চল থেকে পর্যবেক্ষক প্রত্যাহার করে নেওয়া হয়৷