ইউক্রেনে বিক্ষোভ বিরোধী বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে আটক ব্যক্তিদের শর্তসাপেক্ষে ক্ষমা করে বিতর্কিত বিক্ষোভবিরোধী বিল পাস করা হয়েছে। এ বিলের শর্ত ‘গ্রহণযোগ্য নয়’ দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন বিরোধী নেতারা। তাঁরা নতুন এই আইনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সরকার পতনের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ক্ষমতাসীন রিজিয়নস পার্টির নেতৃত্বে গত বুধবার রাতে পার্লামেন্টে সাধারণ ক্ষমাসংক্রান্ত বিলটি পাস করা হয়। এতে শর্ত জুড়ে দেওয়া হয়, বিক্ষোভকারীরা ১৫ দিন ধরে যেসব সরকারি ভবন অবরুদ্ধ করে রেখেছেন, সেগুলো ছেড়ে যেতে হবে। এ ছাড়া রাজধানী কিয়েভের পথে বসানো ব্যারিকেডগুলোও সরিয়ে নিতে হবে। কিন্তু এসব শর্ত মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের নেতারা বলছেন, এসব শর্ত পূরণ করা সম্ভব নয়। কারণ, আগে থেকেই দাবি জানিয়ে আসা হচ্ছে যে কোনো শর্তারোপ করা চলবে না।
এর ফলে চলমান সংকট সহজে কাটবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগের দাবিতে বিরোধীরা প্রায় দুই মাস ধরে বিক্ষোভ করে আসছেন। গত নভেম্বরে সরকার রাশিয়ার পক্ষ নিয়ে ইইউর সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করা থেকে সরে যাওয়ায় ইইউপন্থীদের বিক্ষোভ শুরু হয়। তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এএফপি ও বিবিসি।