ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক শহরের বিমানবন্দরে গত সোমবার রাত থেকে সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ‘বহু মানুষ’ নিহত হয়েছে৷ স্বঘোষিত দোনেস্ক গণপ্রজাতন্ত্রের একজন প্রতিনিধি দাবি করেন, নিহতের এ সংখ্যা অন্তত ৩০ জন৷
এ অবস্থায় ওই অঞ্চলে সেনাবাহিনীর ‘শাস্তিমূলক’ অভিযান অবিলম্বে বন্ধ করে কিয়েভের সঙ্গে দেশটির বিদ্রোহীদের সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তাঁর কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ খবর জানানো হয়৷ খবর এএফপি ও বিবিসির৷
দোনেস্কের মেয়র ওলেস্কান্দর লুকিয়ানশেঙ্কো বলেন, বিমানবন্দরে সংঘর্ষের ঘটনায় দুই বেসামরিক ব্যক্তি ও ৩৮ জন যোদ্ধার মৃত্যু হয়েছে৷ এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ বলেন, লড়াই শেষ হয়েছে৷ বিদ্রোহীদের অনেক ক্ষতি হয়েছে৷ তবে ইউক্রেনের সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি৷ সংবাদমাধ্যমের খবরে গতকাল বলা হয়, দোনেস্ক বিমানবন্দর এলাকায় বিচ্ছিন্নভাবে গোলাগুলি হয়েছে৷
সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা সোমবার দোনেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে৷ তখন সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী৷ ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র গতকাল জানান, তাঁদের সেনারা ওই বিমানবন্দরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে৷
ইউক্রেনে গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুবের পোরোশেঙ্কো ৫৪ শতাংশ ভোটে নির্বাচিত হওয়ার পরপরই দোনেস্কে ওই হামলা হয়৷ ৪৮ বছর বয়সী পোরোশেঙ্কো বলেছেন, তিনি দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন৷ রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করে দেশকে পশ্চিমা পথে এগিয়ে নেওয়াই হবে তাঁর লক্ষ্য৷
সোমবার পোরোশেঙ্কো জানান, পূর্বাঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী অভিযান কয়েক ঘণ্টা স্থায়ী হবে, কয়েক মাস নয়৷’