ইউক্রেনে মন্ত্রিসভা পুনর্গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন ধরে তুষারপাত হচ্ছে ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সিটি হলের সামনে আগুন জ্বালিয়ে প্রচণ্ড ঠান্ডায় উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন ইউরোপীয় ইউনিয়নপন্থী বিক্ষোভকারীরা । ছবি: রয়টার্স
কয়েক দিন ধরে তুষারপাত হচ্ছে ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সিটি হলের সামনে আগুন জ্বালিয়ে প্রচণ্ড ঠান্ডায় উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন ইউরোপীয় ইউনিয়নপন্থী বিক্ষোভকারীরা । ছবি: রয়টার্স

চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইউক্রেনের ক্ষমতাসীন দল মন্ত্রিপরিষদ পুনর্গঠনের দাবি করেছে। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রিজনস পার্টির আইনপ্রণেতা আনা জার্মান গতকাল সোমবার প্রধানমন্ত্রী মাইকোলা আজারভের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান। বৈঠকে মন্ত্রিপরিষদের সবাই উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আনা জার্মান সাংবাদিকদের বলেন, ‘আমরা আজারভের কাছে মন্ত্রিপরিষদ ৯০ শতাংশ পর্যন্ত পুনর্গঠন করার দাবি জানিয়েছি।’
জার্মান বলেন, ‘আজারভ বিষয়টি প্রেসিডেন্টকে জানাবেন বলে তাঁকে আশ্বাস দিয়েছেন। আশা করছি, তিনি একটা সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবেন।’
প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সাবেক এই সহযোগী বলেন, বৈঠকে আজারভের পদত্যাগের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
সংকট নিরসনের লক্ষ্যে গত শুক্রবার প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ও বিরোধীদের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়। কিন্তু কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়। এর পরই মন্ত্রিপরিষদ সংস্কারের প্রস্তাব এল। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি আর্থিক চুক্তি সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এর প্রতিবাদে বিক্ষোভ করছে বিরোধীরা। বিক্ষোভ দমনে সরকার শক্তি প্রয়োগ করে যাচ্ছে। গত এক দশকের মধ্যে পূর্ব ইউরোপের এ দেশটিতে এটাই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট।

এদিকে প্রচণ্ড শীত উপেক্ষা করেই ইউক্রেনের প্রায় তিন লাখ নাগরিক গত রোববার রাজধানী কিয়েভে বিক্ষোভ সমাবেশ করেন। ইইউর সঙ্গে চুক্তি স্থগিত করার প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রোববার সন্ধ্যায় কিয়েভের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা কিয়েভের ইনডিপেনডেন্ট স্কয়ারে অবস্থান নেন। আজ মঙ্গলবার আবার সমাবেশের ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এএফপি।