ইউক্রেনে রুশ পদক্ষেপে ওবামার উদ্বেগ

ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত তাদের মিত্র দেশগুলো ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। একই সঙ্গে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনে রাশিয়া সামরিক শক্তি জোরদার করলে সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি ভেস্তে যাবে। আজ রোববার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউস জানায়, ইউক্রেন-সংকট নিয়ে বারাক ওবামা ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনসির সঙ্গে ফোনালাপ করেছেন। এই নেতারা রাশিয়া স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ওবামা একই সঙ্গে ব্যালটিক দেশ হিসেবে পরিচিত এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়ার নেতাদের সঙ্গেও ফোনে এ সংকট নিয়ে আলোচনা করেন।
ক্যামেরনের ডাউনিং স্ট্রিট কার্যালয় জানায়, ক্রিমিয়ার ঘাঁটি থেকে রুশ সেনা ফিরিয়ে নেওয়া এবং মে মাসে ইউক্রেনে নির্বাচনে সমর্থন দিয়ে রাশিয়ার পক্ষে এখনো এ সংকট সমাধানের সুযোগ রয়েছে বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ওবামা।
এদিকে ইউক্রেন-সংকটকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ‘চটজলদি ও বেপরোয়া পদক্ষেপ’ না নিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের জ্বালানি খাত অনেকাংশেই রাশিয়ার ওপর নির্ভরশীল। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম বৃহত্ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ওই হুমকি দেয়।
গত বৃহস্পতিবার ওবামা ইউক্রেনে আগ্রাসনের জন্য দায়ী রুশ নেতাদের ভিসা বন্ধ ও যুক্তরাষ্ট্রে তাঁদের সম্পদ জব্দ করার নির্দেশ দেন। তবে মার্কিন এক কর্মকর্তা জানান, রাশিয়ার এসব নেতার তালিকায় পুতিনের নাম নেই। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
এদিকে ইউক্রেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী গতকাল রাজধানী কিয়েভে সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের আছে এবং থাকবে। আমরা কখনোই এটা অন্য কারও হাতে তুলে দেব না।’
ক্রিমিয়ায় ২০ হাজার রুশ সেনা?
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের হিসাব অনুযায়ী, ইউক্রেনের ক্রিমিয়ায় ২০ হাজার রুশ সেনা অবস্থান করছে; যদিও ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলছেন, ক্রিমিয়ায় রুশ সেনার সংখ্যা ৩০ হাজার। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলছেন, ক্রিমিয়ায় থাকা সশস্ত্র ব্যক্তিরা স্থানীয় ‘প্রতিরক্ষা বাহিনী’র সদস্য। ওই বাহিনীর ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ নেই।