ইউক্রেনে সামরিক বিমান ভূপাতিত, নিহত ৪৯
ইউক্রেনের পূর্বাঞ্চলে গতকাল শনিবার রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করেছে৷ এতে মোট ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছে৷ পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরের কাছে ওই হামলা হয়৷ খবর এএফপি ও বিবিসির৷
ইউক্রেনে গত দুই মাসব্যাপী অস্থিরতা চলাকালে একক হামলায় এত বেশি প্রাণহানির ঘটনা এটিই প্রথম৷ মস্কো ও কিয়েভের কর্মকর্তারা গ্যাস সরবরাহ নিয়ে সমঝোতার লক্ষ্যে ইউক্রেনের রাজধানীতে আলোচনায় বসার প্রাক্কালে গতকাল ওই উড়োজাহাজ ভূপাতিত করা হলো৷ লুহানস্কে বিদ্রোহীদের একজন মুখপাত্র উড়োজাহাজটি ধ্বংস করার দায় স্বীকার করেছেন৷ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এ খবর জানিয়েছে৷
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে পরিচিত লুহানস্কের কাছে সেনা ও সামরিক উপকরণবাহী ওই উড়োজাহাজটি ভূপাতিত করতে গতকাল সকালে ভারী অস্ত্রের গুলি চালানো হয়৷ ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা যায়, গুলি লাগার পর উড়োজাহাজে আগুন ধরে যায়৷ প্রায় ৩০ সেকেন্ড পরই উড়োজাহাজটি বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়৷ লুহানস্ক বিমানবন্দরেই এটির অবতরণের কথা ছিল৷
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ একটি শিল্পবন্দর গত শুক্রবার বিদ্রোহীদের দখল থেকে মুক্ত করেছে সরকারি বাহিনী৷
এদিকে ইউক্রেনের মস্কোপন্থী বিদ্রোহীদের ট্যাংক ও রকেট লঞ্চার সরবরাহ করে রাশিয়া সহযোগিতা করছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে৷ ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ অভিযোগ করেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ব শহরে বিদ্রোহীদের সহযোগিতা দিতে রাশিয়ার ট্যাংক ঢুকে পড়েছে৷ তবে মস্কো কর্তৃপক্ষ এসব অভিযোগ করে করে দিয়েছে৷
লুহানস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে রুশপন্থী বিক্ষোভকারীরা গত সপ্তাহেও কয়েক দফা হামলা চালিয়েছিল৷ বিমানবন্দরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরটির অধিকাংশ স্থানে বিদ্রোহীদের শক্তিশালী অবস্থান রয়েছে৷ ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনভ বলেন, ‘সন্ত্রাসী হামলায়’ ভূপাতিত উড়োজাহাজটির নিহত আরোহীদের মধ্যে নয়জন ক্রু এবং ৪০ জন ছত্রীসেনা ছিলেন৷
ইউক্রেনের সরকারি বাহিনীর ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ গত দুই মাসে অন্তত ২৭০ জন প্রাণ হারিয়েছে৷ দেশটিতে গত সপ্তাহে শপথ নেওয়া নতুন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ‘চলতি সপ্তাহের মধ্যেই’ লড়াই শেষ হবে বলে গত রোববার ঘোষণা দিয়েছেন৷ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাৎক্ষণিকভাবে তাঁকে সমর্থন দিয়েছে৷ ইইউ কাউন্সিলের মহাসচিব থর্বজোয়ার্ন জাগল্যান্ড গতকাল ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন৷
এদিকে ইউক্রেনে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় পোরোশেঙ্কোর সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে৷ বিষয়টি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়াক৷ দেশটির চাহিদার অর্ধেক গ্যাস সরবরাহ করত রাশিয়া৷
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ইউরি প্রোদান বলেন, রাশিয়ার পক্ষ থেকে প্রাথমিক সমঝোতার একিট প্রস্তাব দেওয়া হয়েছে৷ ইইউর মধ্যস্থতায় তাদের সঙ্গে কিয়েভের আলোচনা হবে৷