ইউক্রেনে সেনা হামলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের একটি ঘাঁটিতে গতকাল বুধবার রাতে সরকারবিরোধীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাঁদের দাবি, সরকারবিরোধী লোকজনের আক্রমণ প্রতিহত করতে সেনাসদস্যরা রাতভর সশস্ত্র হামলা চালান। এতে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ তাঁর ফেসবুক পেইজে পোস্ট করা এক মন্তব্যে বলেন, গতকাল রাতে সেনা ঘাঁটিতে প্রায় ৩০০ মানুষ আগ্নেয়াস্ত্র ও পেট্রলবোমা নিয়ে হামলা চালায়। তবে এতে সেনা সদস্যদের কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। এ সময় সেনাসদস্যরা তাদের প্রতিহত করতে ফাঁকা গুলি ছোড়েন। দুপক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ বাধে। সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সংঘর্ষের পর ৬৩ জনকে আটক করা হয়। এ ছাড়া অস্ত্র ও যোগাযোগের যন্ত্র এবং ‘রাশিয়ার মুঠোফোন’ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

গতকাল রাতের ওই হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশ টহল দেয় ও বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টার দিয়ে শহরের ওপর নজরদারি চালান।

মারিউপোলসহ ইউক্রেনের কয়েকটি শহরে মস্কোপন্থী সরকারবিরোধীরা সরকারি ভবন দখল করার পর প্রথম কোনো সশস্ত্র হামলার ঘটনা ঘটল।

ইউক্রেনের বিদ্যমান সংকট মোকাবিলায় আজ জেনেভায় ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় বসার কথা।