ইউক্রেনে 'প্রয়োজনে' শক্তি প্রয়োগের ইঙ্গিত পুতিনের
ইউক্রেনে ‘প্রয়োজনে’ শক্তি প্রয়োগের ইঙ্গিত পুতিনের
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে এখনো মুখোমুখি অবস্থানে ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনী। আপাতত সম্ভাব্য রুশ অভিযানের আশঙ্কা না থাকলেও প্রয়োজনে শক্তি প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ক্রিমিয়ায় রাশিয়ার তৎপরতাকে ‘রুশ আগ্রাসনের শামিল’ বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট পুতিন গতকাল মঙ্গলবার বলেন, এখনো ইউক্রেনে সেনা পাঠানোর প্রয়োজন নেই। তবে দেশের পূর্বাঞ্চলের নাগরিকদের রক্ষায় রাশিয়ার ‘যেকোনো পদক্ষেপ’ নেওয়ার অধিকার রয়েছে। তিনি রুশ বাহিনীর ক্রিমিয়া দখলের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, রুশপন্থী ইউক্রেনের মানুষ ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
পুতিন গতকাল ইউক্রেন সীমান্তের কাছে কুচকাওয়াজরত সেনাদের ঘাঁটিতে ফেরার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে যুদ্ধের আশঙ্কা নিয়ে পূর্ব-পশ্চিম উত্তেজনা প্রশমনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রুশ বাহিনী গতকালও ক্রিমিয়ায় ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলো ঘিরে রাখে। নতুন করে ক্রিমিয়ায় আরও রুশ সেনা ঢুকছে। সেখানে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও কোনো অঘটন ঘটেনি।
নিরাপত্তা পরিষদে মস্কোর জাতিসংঘের রাষ্ট্রদূত ভিতালি চারকিন বলেন, ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁরা দেশটিতে সেনা পাঠিয়েছেন। তিনি গত শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি লিখে সীমান্ত এলাকাজুড়ে বেসামরিক নাগরিকদের রক্ষায় রুশ সেনা পাঠানোর আবেদন করেন।
মধ্য ও পশ্চিম রাশিয়ায় সামরিক মহড়া শুরুর পর রাশিয়া ক্রিমিয়াসহ রুশ ভাষাভাষী এলাকা পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থার খবরে বলা হয়, ‘রুশ ফেডারশনের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার সামরিক মহড়ায় অংশগ্রহণকারী সেনাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।’
ক্রিমিয়ার সিভাস্তোপোল বন্দরে ইউক্রেনের দুটি যুদ্ধজাহাজকে রুশপন্থী একটি মাইনসউইপার (শত্রুপক্ষের স্থাপন করা মাইন সরানোর কাজে নিয়োজিত জাহাজ) আটকে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্রিমিয়ার বেলবেক বিমানবন্দর অবরোধ করে রাখা রুশপন্থী সেনারা ফাঁকা গুলি ছুড়েছেন বলে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়।
‘রুশ আগ্রাসন’ বলল যুক্তরাষ্ট্র: ক্রিমিয়ায় রাশিয়ার তৎপরতাকে ‘রুশ আগ্রাসন’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বলেন, সেখানে কোনো সেনা মোতায়েন করা হয়নি বলে তাঁর দাবির কোনো ভিত্তি নেই।
কূটনৈতিক প্রচেষ্টা: ইউক্রেন-সংকট নিয়ে কূটনৈতিক তোড়জোড় অব্যাহত রয়েছে। জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সোমবার আবার জরুরি বৈঠকে বসে। চার দিনের মধ্যে এটা ছিল তৃতীয় বৈঠক। বৈঠকে রুশ ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়। পাশাপাশি ফরাসি রাষ্ট্রদূত ইউক্রেনে রাশিয়ার তৎপরতাকে স্নায়ুযুদ্ধের সময় চেকোস্লোভাকিয়ায় রুশ অভিযানের সঙ্গে তুলনা করেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।