ইউক্রেনের নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা ইয়ানুকোভিচের
ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াপন্থী বিরোধীদলীয় নেতা ভিক্তর ইয়ানুকোভিচ নিজেকে জয়ী ঘোষণা করেছেন। তবে ইয়ানুকোভিচের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো। দুজনের মধ্যে ব্যবধান খুবই সামান্য। গতকাল সোমবার ইউক্রেনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এ পর্যন্ত ৮৭ দশমিক ৩১ শতাংশ ভোট গণনা করেছে। এর মধ্যে ইয়ানুকোভিচ পেয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ আর তাইমোশেঙ্কো পেয়েছেন ৪৫ দশমিক ৮ শতাংশ ভোট।এর আগে রোববার রাতে ইয়ানুকোভিচ ঘোষণা দেন, এই দিন থেকে ইউক্রেনের জন্য একটি নতুন দুয়ার খুলে গেল। দেশকে তিনি পরিবর্তনের পথে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেন।তবে ইয়ানুকোভিচের এ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তাইমোশেঙ্কো বলেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো হয়নি। কর্মী-সমর্থকদের প্রতি প্রতিটি ভোটের জন্য লড়াই করার আহ্বান জানান তিনি।নির্বাচন কমিশন জানিয়েছে, গত রোববার দেশটির তিন কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে ৭০ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাথমিক পর্যায়ে দেখা গেছে, তাইমোশেঙ্কোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দেশের পশ্চিমাঞ্চলের তুলনায় ইয়ানুকোভিচের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চলে ভোটারদের উপস্থিতি বেশি ছিল। সরকারি ও বেসরকারি বিভিন্ন জরিপে দেখা গেছে, স্বল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ইয়ানুকোভিচ। এর আগে গত ১৭ জানুয়ারি প্রথম দফা ভোট গ্রহণের সময় ইয়ানুকোভিচ ১০ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন।এদিকে তাইমোশেঙ্কো অভিযোগ করেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে। তাঁর নির্বাচনী প্রচারণা কর্মসূচির প্রধান আলেকজান্ডার তুর্চিনভ বলেন, ‘অনেক ক্ষেত্রেই অনিয়ম হয়েছে এবং আমরা এ ব্যাপারে নিশ্চিত।’তবে কাউন্সিল অব ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলির নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাতিয়াস এয়োরসি ভোট গ্রহণকে ‘শান্তিপূর্ণ’ ও ‘পেশাদারিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভোট চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা শতভাগ নিশ্চিত, বৈধ নির্বাচন হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং সবার আগে ইউক্রেনের জনগণ এ নির্বাচনের ফলকে গ্রহণ করতে পারে।’ইউক্রেনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য মিখাইল ওখেনদোভস্কি বলেন, কমিশনের কাছে বড় ধরনের ভোট কারচুপির কোনো অভিযোগ আসেনি। তবে তিনি জানান, পরাজিত প্রার্থীর আদালতে ভোটের ফলকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনের নির্বাচনের ঐতিহ্য অনুযায়ী পরাজিত প্রার্থী পরাজয় মেনে নেন না।নির্বাচন-পূর্ব বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, ইউক্রেনের বেশির ভাগ ভোটার এখনো ২০০৪ সালের ‘অরেঞ্জ রেভল্যুশন’-এর অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্যকে সমর্থন করেন। কিন্তু ওই বিপ্লবের নেতাদের ওপর তাঁরা এখন আর আস্থা রাখতে পারছেন না। অরেঞ্জ রেভল্যুশনের নেতৃত্ব দেন তাইমোশেঙ্কো ও তাঁর সমর্থকেরা। আর ইয়ানুকোভিচ ও তাঁর সমর্থকেরা ছিলেন তাঁদের বিপক্ষ শক্তি। এএফপি।