ইউক্রেনের বিরোধীদলীয় নেতা তিমাশেঙ্কো হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের বিরোধী দলের নেতা ইউলিয়া তিমাশেঙ্কোকে গতকাল বুধবার কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে জার্মান চিকিৎসক তাঁর চিকিৎসা দেবেন।কারা কর্তৃপক্ষ আশা করছে, কারাগারে তিমাশেঙ্কোর যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তা দূর হবে। এ ছাড়া ইউক্রেনে অনুষ্ঠেয় ইউরো ২০১২ ফুটবল খেলার ওপর কালো ছায়া পড়বে না।কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মেডিকেল কমিশনের সুপারিশ অনুযায়ী তিমাশেঙ্কোকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল সাতটার দিকে খারকিভ শহরের কারাগার ত্যাগ করেন। প্রায় এক ঘণ্টা পর একই শহরে ইউক্রেনের রেলওয়ে পরিচালিত হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।ট্রাফিক পুলিশের চারটি গাড়ি পাহারা দিয়ে তিমাশেঙ্কোকে হাসপাতালে নেয়। এর আগেই গণমাধ্যমকর্মীদের হাসপাতাল এলাকা ত্যাগ করতে বলা হয়। এএফপি।