সন্ত্রাসবাদী বিষয়বস্তু এবং অরুচিকর ভিডিওর কারণে আরও বিজ্ঞাপন হারাচ্ছে সার্চ ইঞ্জিন গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এতে করে কোটি কোটি ডলারের ব্যবসা খোয়ানোর ঝুঁকিতে পড়েছে গুগল। বড় আরও কিছুসংখ্যক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ইউটিউবকে বয়কটের কথা জানিয়েছে। তাদের অভিযোগ, এই জনপ্রিয় সাইটে সন্ত্রাসবাদ ছড়ানো এবং অপ্রীতিকর ভিডিওর সঙ্গে তাদের বিজ্ঞাপন প্রচার হচ্ছে।
ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠান ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া বন্ধ বা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ তালিকায় আরও নাম যোগ হচ্ছে। পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি আপত্তিকর ভিডিও দেখা যাওয়া ঠেকাতে গুগলের সক্ষমতা নিয়ে বিজ্ঞাপনদাতাদের সংশয়ই এতে ফুটে উঠেছে। শুক্রবার পেপসিকো, ওয়ালমার্ট স্টোরস ও স্টারবাকস নিশ্চিত করে, তারাও ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, গুগলের স্বয়ংক্রিয় প্রোগ্রাম তাদের ব্র্যান্ডকে বর্ণবাদী বিষয়বস্তু থাকা পাঁচটি ভিডিওর সঙ্গে যুক্ত করেছে।
বর্তমানে প্রতি মিনিটে চার শ ঘণ্টার ভিডিও পোস্ট হয়। ভিডিওগুলোর আগে-পরে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন প্রচার করা হয়।
যোগাযোগ করা হলে শুক্রবার গুগল তাদের এ বিষয়ে আগের অঙ্গীকারে অটল থাকে। প্রতিষ্ঠানটি ইঙ্গিত দেয়, বিজ্ঞাপনদাতাদের সন্তুষ্ট করার ব্যাপারে তারা আশাবাদী। গুগল সম্প্রতি ঘোষণা করেছে, ‘ঘৃণা ছড়ানো, আক্রমণাত্মক ও ক্ষতিকর’ ভিডিওগুলোর সঙ্গে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে চেষ্টার মাত্রা আরও বাড়াবে তারা। প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্য কর্মকর্তা ফিলিপ শিন্ডলা গত মঙ্গলবার এক ব্লগপোস্টে লেখেন, ‘আমরা জানি, বিজ্ঞাপনদাতা এবং সংস্থাগুলো, যারা আমাদের ওপর আস্থা রাখছে, তাদের কাছে বিষয়টা গ্রহণযোগ্য নয়।’ ইউটিউবের ভিডিও পর্যালোচনা করে আপত্তিকর ভিডিওগুলো বিজ্ঞাপনের সঙ্গে প্রচারের অনুপযোগী হিসেবে চিহ্নিত করতে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ কর্মী নিয়োগেরও প্রতিশ্রুতি দেন তিনি।
তবে গুগলের প্রধান বাণিজ্য কর্মকর্তার আশ্বাস দৃশ্যত অনেক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানকে শান্ত করতে পারেনি। তাঁর বক্তব্যের পরও এইচএসবিসি হোল্ডিংস, রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড, লরিয়েল, বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি, ইন্টারনেট কোম্পানি ভেরিজন ফাইওস, জার্মান গাড়ি প্রস্তুতকারী ভক্সওয়াগন ও অডির মতো প্রতিষ্ঠান বয়কটকারীদের দলে যোগ দেয়।