ইউটিউবে রাজত্বের 'মন''
২০০৮ সালের কথা। যুক্তরাজ্যে আইন বিষয়ে পড়াশোনা করছিলেন বাংলাদেশের তৌফিক আহমেদ ও ফয়সাল রদ্দি। পড়াশোনার ফাঁকে ফাঁকে অবসরে গান নিয়ে ব্যস্ত থাকেন এই দুই তরুণ। লন্ডনের বাংলা টিভি ছাড়াও স্থানীয় কমিউনিটির বিভিন্ন গানের অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ দর্শকদের অনেক সুনাম কুড়ায়।
একদিন লন্ডনের হাইস্ট্রিটে র্যাপার তৌফিকের সঙ্গে খুনসুটি করেই তাঁরা গড়ে তোলেন আজকের জনপ্রিয় রাজত্ব ব্যান্ড। সেই থেকে যাত্রা শুরু ভিন্ন ধাঁচের এই বাংলা ব্যান্ডের। মুগ্ধ করা পরিবেশনা ও গানের প্রতিবাদী কথার জন্য অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি শ্রোতাদের মন জয় করে নেয় ব্যান্ডটি। অলটারনেটিভ হিপহপ ঘরানার গানের সঙ্গে থাকে প্রতিবাদ, প্রেম, দ্রোহ আর জীবনদর্শনের প্রতিচ্ছবি। তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই তাঁরা নিয়ে আসেন নতুন নতুন বিষয়ভিত্তিক গান।
সম্প্রতি ঈদ উপলক্ষে রাজত্ব ব্যান্ডের ইউটিউবে ‘মন’ শিরোনামে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। যাঁদের কাছে রাজত্ব মানেই ক্ষ্যাপা বা র্যাপ গান, তাঁদের এই ধারণা আবার ভুল প্রমাণ করবে ‘মন’ গানের লিরিক ভিডিওটি। রাজত্ব মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৩ জুন গানটি রিলিজ দেওয়া হয়। রাজত্ব মিউজিকের ব্যানারে ‘মনে নাই মোর. . পুরানো সে দিন. . মনে নাই কালো নিশি. . ’-এ গানটির কথা লিখেছেন ফয়সাল ও তৌফিক এবং সুর করেছেন ফয়সাল নিজেই। এ দুজন ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন নাফিস। আর গানের সংগীত আয়োজন করেছে এলএমজি বিটস।
গতকাল শুক্রবার প্রথম আলের সঙ্গে কথা বলেন রাজত্ব ব্যান্ডের শিল্পী ফয়সাল রদ্দি। সংগীতের পাশাপাশি তিনি এখন যুক্ত আছেন ঢাকাই চলচ্চিত্রের সঙ্গে। তাঁর পরিচালনায় নির্মিত প্রথম ছবি ‘পাঠশালা’ রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্য দিকে ক্ষ্যাপা গানের জনক তৌফিক পেশাজীবনে একজন ব্যারিস্টার ও ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক।
নতুন গান রিলিজের জন্য ডিজিটাল প্লাটফর্মকে কেন বেছে নিলেন? জানতে চাইলে ফয়সাল বলেন, যেহেতু আমারা গান করি তরুণদের জন্য এবং তরুণেরাই ডিজিটাল প্লাটফর্মে সবচেয়ে বেশি সক্রিয়।
ফয়সাল বলেন, আজকাল সবদেশে ডিজিটাল প্লাটফর্মগুলোর জনপ্রিয়তা বাড়ছে, আর আমাদের দেশও এ জনপ্রিয়তা থেকে পিছিয়ে নেই।
‘মন’ নিয়ে পরবর্তী পরিকল্পনা কী? উত্তরে ফয়সাল জানান, একটা মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে। তবে গানটি আপাতত ইউটিউব, আইটিউনস ও আমাজোন স্টোরসহ বেশ কয়েকটি স্টোরে পাওয়া যাচ্ছে। শ্রোতারা চাইলে এসব ডিজিটাল প্লাটফর্ম থেকে নামিয়ে নিতে পারবেন। তা ছাড়া দেশের সব মোবাইল অপারেটরদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে।
এখন পর্যন্ত দুটি অ্যালবাম প্রকাশ করেছে রাজত্ব। সেগুলো হলো ‘রাজত্ব’ ও ‘দাসত্ব’। রাজত্ব ব্যান্ডের উল্লেখযোগ্য কয়েকটি গানের মধ্যে রয়েছে ‘বিদ্রোহী 'নদী’, ‘দেশ ও দূর্নীতি’, ‘লাল সবুজ’, ‘শ্লোগান’, ‘নাগরদোলা’, ‘ভাঙ্গা নাও’ ইত্যাদি।