ইউটিউবে সেই লাফ দেখে ৮০ লাখ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দ পৌঁছাতে পারে না—আকাশসীমার এমন স্থান থেকে লাফিয়ে এবং শব্দের গতির চেয়ে বেশি গতিতে ভূপৃষ্ঠে নেমে আগেই রেকর্ড করেছেন অস্ট্রিয়ার নাগরিক স্কাইডাইভার ফেলিক্স বমগার্টনার। ইউটিউবেও তিনি রেকর্ড করেছেন। ওই ওয়েবসাইটে তাঁর এক লাখ ২৮ হাজার ফুট (৩৯ কিলোমিটার) উঁচু থেকে লাফ দেওয়ার সরাসরি সম্প্রচার করা ভিডিও দেখেছেন ৮০ লাখ মানুষ।গত রোববার বিশালাকৃতির বেলুনে চড়ে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রসওয়েলের আকাশ থেকে লাফ দেন বমগার্টনার। শব্দের চেয়ে দ্রুতগতিতে প্রায় ১০ মিনিটের মধ্যে ভূপৃষ্ঠে নেমে আসেন তিনি। এর মধ্যে শেষ কয়েক হাজার ফুট নেমে আসতে প্যারাসুট ব্যবহার করেন। ৪৩ বছর বয়সী বমগার্টনার হিলিয়াম গ্যাসভর্তি একটি বিশালাকৃতির বেলুনে চড়ে ভূপৃষ্ঠ থেকে ৩৯ কিলোমিটার ওপরে শূন্যে ওঠেন। সমুদ্রসমতলে বাতাসের যে স্বাভাবিক চাপ, সেখানে সেই চাপ ২ শতাংশেরও কম। তাপমাত্রা মাইনাস ৯০ ডিগ্রি। সেখান থেকে লাফিয়ে পড়ে তিনি সর্বোচ্চ ঘণ্টায় এক হাজার ৩৪২ কিলোমিটার (৮৩৩ দশমিক ৯ মাইল) বেগে নিচে নামতে থাকেন। এটি শব্দের গতির (এক হাজার ২৩৬ কি.মি বা ৭৬৮ মাইল/ঘণ্টা) চেয়ে বেশি। এই গতিতে নিচে নামার সময় তিনি প্রায় তিন সেকেন্ডেরও কম সময়ে এক কিলোমিটার এবং প্রতি পাঁচ সেকেন্ডেরও কম সময়ে এক মাইল নেমেছেন। ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফুট উঁচু এলাকায় আসার পরই তিনি প্যারাস্যুটে নিচে নেমে আসেন। নেমে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে বমগার্টনার জানান, ‘এমন পরিস্থিতি হয়েছিল যে, আমি ডাইভ বাতিল করতে চেয়েছিলাম। আমার হেলমেটের সামনের অংশে বরফ প্রায় জমে গিয়েছিল। বিবিসি।