ইউনাইটেডের ফ্লাইটে এবার 'জায়ান্ট' খরগোশের মৃত্যু
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনসের। এবার ফ্লাইটে ‘জায়ান্ট’ এক খরগোশের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিপাকে পড়েছে এয়ারলাইনসটি।
গতকাল মঙ্গলবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে আসার পর ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে জায়ান্ট খরগোশ সাইমনকে মৃত অবস্থায় পাওয়া যায়। কী কারণে সাইমন মারা গেছে, তা এখনো জানা যায়নি। শিকাগোতে খরগোশটিকে একজন উঠতি ‘সেলিব্রেটির’ কাছে পাঠানো হচ্ছিল। ইউনাইটেড এয়ারলাইনস গত কয়েক সপ্তাহ ধরে যাত্রী হয়রানির জন্য বিতর্কে থাকা বিমান সংস্থাটি এ বিষয়ে এবার মর্মাহত বলে জানিয়েছে। ইতিমধ্যে খরগোশ মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছে তারা।
উড়োজাহাজে পশু আদান-প্রদানের সময় মৃত্যুর ঘটনা কদাচিৎ হলেও একদম যে হয় না তা নয়। যুক্তরাষ্ট্রের যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বিভিন্ন এয়ারলাইনসে ৩৫টি পশু মৃত্যুর ঘটনা ঘটেছে। যার মধ্যে ১৪টিই ঘটেছে ইউনাইটেড এয়ারলাইনসে। ২০১৫ সালে ৯৭ হাজার ১৫৬টি পশু পরিবহন করেছে ইউনাইটেড এয়ারলাইনস।
তবে এয়ারলাইনসটি বলছে, যাত্রাকালে পশুর নিরাপত্তা ও সুরক্ষা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের পোষা প্রাণী নিরাপত্তায় নিয়োজিত দল এ বিষয়ে সব সময় সতর্ক। সংস্থাটি আরও বলছে, সাইমনের ব্যাপারে আমরা আমাদের গ্রাহকের সঙ্গে কথা বলেছি। তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বলেছি।
খরগোশ সাইমনের বয়স ছিল ১০ মাস। সাধারণ কোনো খরগোশ নয় সাইমন। ‘কন্টিনেন্টাল জায়ান্ট র্যাবিট দারিউসে’র ছেলে সিমন। দারিউস পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির খরগোশ। দারিউসের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। ওজন হলো ২২ কেজি। ওয়ার্ল্ড গিনেস বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছে দারিউস। ধারণা করা হচ্ছিল, আকৃতিতে দারিউসকে ছাড়িয়ে যাবে সাইমন। ১০ মাস বয়সেই ওর উচ্চতা ছিল ৩ ফুট।
সাইমনের পালক অ্যানেতি অ্যাডওয়ার্ড বলেন, ‘ফ্লাইটে ওঠার আগে ওর পুরো শারীরিক পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, যাত্রার জন্য একদম সুস্থ সে। খুবই অস্বাভাবিক কিছু ঘটেছে। আমি জানতে চাই সেটা কী? আমি সারা বিশ্বের খরগোশ নিয়েই কাজ করেছি। এমনটা কখনো হতে দেখিনি।’
কয়েক সপ্তাহের মধ্যে ইউনাইটেড এয়ারলাইনসে ঘটা এটি তৃতীয় বিব্রতকর ঘটনা। ৯ এপ্রিল এই এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে টেনেহিঁচড়ে ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ডেভিড ডাওকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ওই উড়োজাহাজের অন্য যাত্রীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জনসম্মুখে আসে। প্রথমে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও পরে সমালোচনার মুখে ক্ষমা চান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার মুনোজ। কয়েক দিন আগে বসার জায়গা নিয়ে বিতর্ক হওয়ায় ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় এক যুগলকে। সূত্র: বিবিসি অনলাইন