ইউনিয়নের অধিকার সুরক্ষায় ঘাটতি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট মেনেন্দেজ
রবার্ট মেনেন্দেজ

শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সুরক্ষায় বাংলাদেশের সরকার ও বিজিএমইএর উদ্যোগে ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর রবার্ট মেনেন্দেজ। 
রানা প্লাজা বিপর্যয়ের এক বছর পূর্তিতে দেওয়া বিবৃতিতে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান মেনেন্দেজ এ অভিমত দেন। তাঁর দপ্তর বাংলাদেশ সময় শুক্রবার ভোরে এ বিবৃতি প্রচার করেছে। 
রানা প্লাজা ধসের এক বছর পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ এবং শ্রমিকের স্বার্থ সুরক্ষায় কিছু অগ্রগতি হয়েছে বলে মনে করছে। ঠিক এই প্রেক্ষাপটে শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার এবং পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সামর্থ্য এবং রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সিনেটর রবার্ট মেনেন্দেজ।
ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য মেনেন্দেজ বলেন, ‘এক বছর আগে এই সপ্তাহে রানা প্লাজা ধসে ১১৩০ জন বাংলাদেশি পোশাকশ্রমিকের মৃত্যু বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। গত এক বছরে যুক্তরাষ্ট্র, আইএলও ও বিদেশি ক্রেতারা কারখানার নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ নিলেও দেশের ভেতরে পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই বছরটি গতানুগতিকভাবেই কাটিয়েছেন।’
মেনেন্দেজ বলেন, খবর অনুযায়ী বাংলাদেশের অনেক কারখানার মালিক শ্রমিকদের ইউনিয়ন গঠনে বাধা দিচ্ছেন। তাঁরা ইউনিয়ন নেতাদের ছাঁটাই করছেন, এমনকি কারখানার ব্যবস্থাপকদের কেউ কেউ ইউনিয়ন সংগঠকদের ওপর ভয়াবহ হামলার সঙ্গে যুক্ত। বিজিএমইএ আগের মতোই কারখানার মালিকদের রক্ষাকর্তা হিসেবে ভূমিকা রেখে চলেছে। সংগঠনটি শ্রমিক ইউনিয়নবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেও আগ্রহ দেখাচ্ছে না বলে বিবৃতিতে অভিযোগ করেন এ জ্যেষ্ঠ কংগ্রেসম্যান।
বাংলাদেশ সরকারের সমালোচনা করে মেনেন্দেজ বলেন, নতুন ইউনিয়ন নিবন্ধনে সরকারের পদক্ষেপে অগ্রগতি হলেও এখনো প্রাতিষ্ঠানিক

সক্ষমতা তৈরি ও তাঁদের (শ্রমিকদের) রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। এর ফলে দেশে শ্রমিক সংগঠনের ক্ষেত্রে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক শ্রমিক চাকরি যাওয়ার ভয়ে ইউনিয়নে যোগ দিচ্ছেন না। সংগত কারণেই ইউনিয়ন সংগঠকেরাও নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়ে আছেন।
মেনেন্দেজ বলেন, রানা প্লাজা ধসের পর শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বাণিজ্যসুবিধা স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের কারখানাগুলোর জন্য এযাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে, কারখানা পরিদর্শন সমন্বয় করছে এবং ভবন ধসে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিয়েছে। এ ছাড়া ভবন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
সিনেটর মেনেন্দেজ অভিমত দেন, কারখানায় স্বাধীন ইউনিয়নের শক্তিশালী কণ্ঠ ছাড়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার শ্রমিকদের অন্য কোনো উপায় নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিজিএমইএ ও সরকার যদি ইউনিয়ন গঠনের ওপর দমনপীড়ন অবিলম্বে বন্ধে সমন্বিত পদক্ষেপ না নেয়, তাহলে তৈরি পোশাক খাতে রানা প্লাজার মতো আরেকটি দুর্ঘটনা সময়ের ব্যাপারমাত্র। তখন ‘মেড ইন বাংলাদেশ’ ভাবমূর্তি নষ্ট হলে তা পুনরুদ্ধারের বাইরে চলে যাবে। সরকার ও বিজিএমইএ-কে বুঝতে হবে, সে ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের রক্তের দাগ লেগে থাকা পোশাক পশ্চিমা ক্রেতারা আর কিনবেন না।