ইউপিএ সরকারের পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের পদত্যাগ দাবি করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের রাজধানী কলকাতায় এক সংবাদ সম্মেলনে দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় গত শুক্রবার এই দাবি জানান।মুকুল রায় বলেন, ইউপিএ সরকারের ওপর থেকে একাধিক দল সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ফলে ইউপিএ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। একের পর এক জনবিরোধী নীতি গ্রহণের ফলে তারা মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। তাই নৈতিক কারণেই তাদের পদত্যাগ করা উচিত।তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ বলেছেন, ইউপিএ সরকারের পদত্যাগের কোনো কারণ নেই। তারা মেয়াদ পূর্ণ করেই ক্ষমতা ছাড়বে। ইউপিএ সরকারের ওপর থেকে ১৯ মার্চ সমর্থন প্রত্যাহার করে তামিলনাড়ুর আঞ্চলিক দল ডিএমকে। তৃণমূল কংগ্রেস গত সেপ্টেম্বরে ইউপিএ থেকে সরে আসে। এ দুটি দলের সমর্থন না থাকায় ইউপিএ সরকার বর্তমানে কার্যত সংখ্যালঘু সরকারে পরিণত হয়ে পড়েছে। সরকার টিকিয়ে রাখার জন্য লোকসভায় ২৭২টি আসন প্রয়োজন হলেও এখন ইউপিএর বর্তমান সম্বল ২৩৩টি আসন। তবে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ২২টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির ২১ আসনসহ মোট ৪৯ জন সাংসদ জোটের বাইরে থেকে ইউপিএ সরকারকে সমর্থন দিচ্ছে। ফলে মোট ২৮২টি আসন নিয়ে সরকার আপাতত বহাল রয়েছে। তবে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস এই সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।