ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার আভাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার নয়াদিল্লির যন্তর মন্তরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আভাস দেন। এদিকে একই দিন কলকাতায় লাখো মানুষের মিছিল করেছে বাম দল সিপিএম।দেশের খুচরা পণ্যের বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে সমাবেশে মমতা ইঙ্গিত দেন, পার্লামেন্টের আগামী অধিবেশনেই ওই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। সরকারের বিরুদ্ধে এমন প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানান।এই প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চার আহ্বায়ক শারদ যাদবও। তিনি মমতার প্রশংসা করে ইউপিএ সরকারের সমালোচনা করে বক্তব্যও দেন।মমতা বলেন, সাধারণ নির্বাচন এগিয়ে আগামী মার্চে অনুষ্ঠিত হতে পারে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, ‘আমরা নিজেরাও এই সরকারকে চাই না। যদি প্রয়োজন হয়, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে আমরা প্রস্তুত রয়েছি।’ পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় তৃণমূল কংগ্রেসের ১৯ জন সদস্য রয়েছেন। সম্প্রতি দলটি ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়।মমতা আরও বলেন, সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়াও এফডিআই, তেলের মূল্যবৃদ্ধি ও এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধেও তিনি একটি প্রস্তাব পার্লামেন্টে আনতে পারেন। সমাবেশে সরকারকে সমর্থন না করার জন্য মমতা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।সরকার সাধারণ জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করছে, এমন অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁর দল আগামী মাস থেকে দেশব্যাপী সরকারবিরোধী প্রচারণা শুরু করবে। এর অংশ হিসেবে নয়াদিল্লিতে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার ‘ধরনা’ পালনের ঘোষণা দেন তিনি।অন্যদিকে ইউপিএ সরকারের শরিক ডিএমকে এফডিআইসহ নানা বিষয়ে মতবিরোধ সত্ত্বেও সরকারের প্রতি তাদের সমর্থন বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ক্ষমতায় আসা ঠেকাতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল জানান দলের প্রধান এম করুণানিধি। তবে তিনি এ কথাও জানান, পার্লামেন্টে এফডিআইয়ের বিরুদ্ধে বিরোধীরা প্রস্তাব আনলে তাতে তাঁর দল সমর্থন দেবে। দ্য হিন্দু।কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানান, বাম দলের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে গতকাল দুপুরে কলকাতা নগর কার্যত অচল হয়ে পড়ে। ধর্মতলার কাছে রানি রাশমণি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় বিশাল প্রতিবাদ সমাবেশ। এখানে বক্তব্য দেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, অশোক ঘোষ, সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব প্রমুখ।অন্যদিকে জাতীয় কংগ্রেস খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের পক্ষে কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে গান্ধী মূর্তির পাদদেশ থেকে একটি মিছিল বের করে। মিছিল শেষ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক হাজরায়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য দেন রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সাবেক মন্ত্রী মানস ভূইয়া, সাংসদ দীপা দাসমুন্সী প্রমুখ।