ইউপিএ সরকারের বিরুদ্ধে মমতা অনাস্থা আনলে সিপিআই সমর্থন দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সংসদে অনাস্থা প্রস্তাব আনলে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই সমর্থন জানাবে। গত রোববার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিপিআইয়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি। সুধাকর রেড্ডি বলেন, ইউপিএ সরকারকে বাঁচিয়ে রাখার কোনো অভিপ্রায় তাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে সরকারের পতন অনিবার্য হয়ে উঠলে সিপিআই অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকবে।অন্যদিকে সিপিএম এ মুহূর্তে ইউপিএ সরকারের পতন চায় না। সরকার ভেঙে নির্বাচনে যেতেও চায় না। গত রোববার দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ইঙ্গিতই দেন সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। তবে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে সব বাম দল ও সরকারবিরোধী দলের সঙ্গে আলাপ করেই সিপিএম পরবর্তী পদক্ষেপ নেবে। তৃণমূল সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় ইউপিএ সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে। এখন বাইরে থেকে এসপি ও বিএসপি সমর্থন দিয়ে সরকারকে টিকিয়ে রেখেছে।