ভারতের আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে শাসক জোট ইউপিএ বা সংযুক্ত প্রগতিশীল মোর্চার প্রার্থী হচ্ছেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। গতকাল শনিবার বিকেলে রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে ইউপিএর এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষে যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। এই বৈঠকে মুকুল রায় আলাদাভাবে উপরাষ্ট্রপতি পদে দুজনের নাম প্রস্তাব করেন। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এবং পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। এই বৈঠকে তৃণমূলের প্রস্তাব খারিজ হয়ে সর্বসমঞ্চতিক্রমে হামিদ আনসারির নাম গৃহীত হয়। হামিদ আনসারিকে ইউপিএ ছাড়া ইতিমধ্যে সমর্থন জানিয়েছে মুলায়ম সিংয়ের সমাজবাদী দল, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল, দেব গৌড়ার ধর্মনিরপেক্ষ জনতা দলসহ আরও কয়েকটি দল। উপরাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ৭ আগস্ট। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হামিদ আনসারি একসময় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। একজন সফল কূটনীতিক হিসেবে অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও ইরানে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উপরাষ্ট্রপতি হিসেবে তিনি গত পাঁচ বছর দক্ষতার সঙ্গে সামলিয়েছেন। তাই ভারতের ধর্মনিরপেক্ষতার ঝান্ডা তুলে রাখার জন্য ফের হামিদ আনসারিকেই প্রার্থী করেছে কংগ্রেস। হামিদ আনসারি উপরাষ্ট্রপতি হলে এটাই হবে ভারতে পরপর দুই মেয়াদে উপরাষ্ট্রপতি হওয়ার দ্বিতীয় দৃষ্টান্ত। এর আগে এই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি রাধাকৃষ্ণান। ভারতের লোকসভায় রয়েছেন ৫৪৪ জন সদস্য আর রাজ্যসভায় রয়েছেন ২৩৮ জন সদস্য। এই দুই সংসদের সদস্যরাই ভোট দেবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে। সব মিলিয়ে ভোটার সংখ্যা ৭৮২ জন।