ইউরেনিয়াম উৎপাদন দ্বিগুণ করছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ভূগর্ভস্থ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার জন্য প্রস্তুত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি গোপন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফাঁস হওয়া ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের ফোর্দো এলাকায় ভূগর্ভস্থ ইউরেনিয়াম প্রকল্পের উৎপাদনক্ষমতা বাড়িয়ে শিগগিরই দ্বিগুণ করা হবে। আইএইএর পরিদর্শকদের নিয়মিত অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে। তবে ইরানের ইউরেনিয়াম প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি। কয়েক মাসের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোম শহরসংলগ্ন একটি পাহাড়ের নিচে সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় অবস্থিত ওই ভূগর্ভস্থ ইউরেনিয়াম প্রকল্পের আওতায় বর্তমানে প্রতি মাসে ১৫ কেজি ইউরেনিয়াম উৎপাদনের ব্যবস্থা রয়েছে। তবে পরবর্তী সময়ে সেখানে প্রতি মাসে ২৫ কেজি পর্যন্ত ইউরেনিয়াম উৎপাদন করা যাবে। ইরানে জ্বালানি কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে বলে পশ্চিমা বিভিন্ন দেশ অভিযোগ করে আসছে। তবে ইরান সরকার বরাবরই তাদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করছে। এ পরিস্থিতিতে দেশটিতে অস্ত্রের মজুদ বাড়ানোর খবরে পশ্চিমাদের সন্দেহ আরও বদ্ধমূল হবে। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য রাষ্ট্র ও জার্মানি একাধিকবার সংলাপে বসলেও তাতে সামান্যই অগ্রগতি হয়েছে। বিবিসি।