ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনা শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল সোমবার এ কথা জানানো হয়। সমঝোতার মাধ্যমে শুরু হওয়া এই পদক্ষেপের মধ্য দিয়ে তেহরানের বিরুদ্ধে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার শুরু হবে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনাকে একটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। গত নভেম্বরে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে সম্পাদিত একটি চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। আগামী ছয় মাস এটি অব্যাহত থাকবে। এর ফলে তেহরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের যেসব নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, তা আংশিক স্থগিত করার পথ প্রশস্ত হলো।
পশ্চিমাদের অভিযোগ, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরানের দাবি, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
ইরানের পরমাণুপ্রধান আলী আকবর সালেহি গতকাল রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ‘স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমিয়ে দেওয়া বড় ধরনের একটি পদক্ষেপ। আমরা (গতকাল) সোমবার দুপুরের মধ্যেই তা করতে যাচ্ছি।’
তেহরান চুক্তি বাস্তবায়ন করছে কি না, তা গতকালই জাতিসংঘের পরমাণুবিষয়ক সংস্থা আইএইএর পরিদর্শকদের যাচাই করার কথা ছিল। তাঁরা গত শনিবার তেহরানে পৌঁছান। পরিদর্শকেরা বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে তাঁদের পরিদর্শনের বিষয়ে বার্তা পাঠাবেন। ইতিবাচক বার্তা গেলে তেহরানের বিরুদ্ধে ২০০৬ সালে আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারে ইইউতে ভোটাভুটি হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এই ভোটাভুটিতে নেতৃত্ব দেবেন। এরপর এক থেকে দুই ঘণ্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গত রোববার বলেন, তিনি নিজ দেশের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আশা করছেন।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরান যে সমঝোতায় উপনীত হয়, তার আওতায় দেশটি ৫ শতাংশের ওপরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা স্থগিত করতে রাজি হয়। বিনিময়ে পরাশক্তিগুলো স্বর্ণ, অন্যান্য মূল্যবান ধাতব সামগ্রী বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা স্থগিতে সম্মত হয়।
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত সপ্তাহে জানান, কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে, তা ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে পরিদর্শকদের কত ঘন ঘন যেতে দেওয়া হবে, তার ওপর নির্ভর করছে। কর্মকর্তাদের মতে, যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার মধ্যে রয়েছে: সোমবার থেকে তেহরান তার ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনা শুরু করবে। ছয় মাসের মধ্যেই ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত শেষ করা হবে। ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রে দৈনন্দিন পরিদর্শকদের ঢুকতে দেওয়া হবে। এবং আরাক হেভি ওয়াটার পরমাণু চুল্লিতে মাসিক ভিত্তিতে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে।
ছয় মাসের এই সমঝোতার সময়ে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি রাখলে একটি স্থায়ী চুক্তি করা হবে। এএফপি ও বিবিসি।