ইউরোপকে নিজেদের ভাগ্য গড়ে নিতে হবে: ম্যার্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউরোপ এখন আর মিত্রদের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারে না, নিজেদেরই ভাগ্য গড়ার দায়িত্ব নিতে হবে, এ মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জি৭ সম্মেলন এবং ন্যাটোর বৈঠকে অংশগ্রহণের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে গত রোববার তিনি এমন কথা বললেন, যদিও ট্রাম্পের নাম উল্লেখ করেননি।

ট্রাম্প গত সপ্তাহে ন্যাটোর কঠোর সমালোচনা করেন এবং বৈশ্বিক জলবায়ু চুক্তি অনুমোদনের আহ্বান প্রত্যাখ্যান করেন। এসব অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে ম্যার্কেল বলেছেন, ‘ইউরোপ কোনো বিষয়ে অন্যদের ওপর পরিপূর্ণ ভরসা রাখবে, এমন দিন ফুরিয়েছে। গত কয়েক দিনে আমার সেই অভিজ্ঞতা হয়েছে। শুধু বলতে পারি, ইউরোপীয়দের নিজের ভাগ্য নিজে গড়ার দায়িত্ব নিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব এবং যুক্তরাজ্যের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক অবশ্যই থাকবে। রাশিয়াসহ অন্য দেশগুলোর সঙ্গেও ইউরোপকে সম্ভাব্য ঘনিষ্ঠতা বজায় রাখতে হবে। তবে মনে রাখতে হবে, আমাদের ইউরোপীয় ভবিষ্যৎ গড়ার লড়াই নিজেদেরই করতে হবে।’

ইতালির সিসিলি দ্বীপে অনুষ্ঠিত দুই দিনের জি৭ সম্মেলনে ট্রাম্প বিভিন্ন বিষয়ে জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে মতবিরোধ স্পষ্ট করে দেন। এতে ইউরোপীয় কূটনীতিকেরা খুব হতাশ হয়েছেন। তাঁরা আশা করেছিলেন, দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয়ে এবারের জি৭ সম্মেলনে মতৈক্য হবে।

ধনকুবের থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বনে যাওয়া ট্রাম্প জি৭ জোটের অন্য দেশগুলোর চাপে শেষ পর্যন্ত সংরক্ষণবাদবিরোধী লড়াইয়ে সমর্থন দিতে রাজি হয়েছেন। তবে জলবায়ু চুক্তি অনুমোদন করেননি, বরং এ জন্য আরও সময় চেয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক অবশ্য ম্যার্কেলের তুলনায় ভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। তিনি রোববার আশাবাদ জানিয়ে বলেন, পরিস্থিতি এখন গত নভেম্বরের মার্কিন নির্বাচনের সময়ের চেয়ে ইতিবাচক।

ট্রাম্প গত বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে জোটের অন্য সদস্যদের বিরুদ্ধে অসন্তোষ জানিয়েছেন। তাঁর অভিযোগ, প্রতিরক্ষা খাতে ন্যাটোর অন্য সদস্যরা পর্যাপ্ত খরচ করছেন না। এ রকম চলতে থাকলে ম্যানচেস্টারের হামলার মতো সন্ত্রাসী তৎপরতা আরও হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ম্যার্কেলের এমন বক্তব্যে ওয়াশিংটন ও লন্ডনের কেউ কেউ স্পষ্টত অবাক হয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বিবিসি রেডিওকে বলেছেন, ‘আমরা যেহেতু ইইউ ছাড়ার ব্যাপারে সমঝোতার আলোচনা শুরু করছি, এমন অবস্থায় জার্মানি ও ইউরোপীয় অন্য দেশগুলোকে পুনরায় আশ্বাস দিতে পারি যে আমরা তাদের শক্তিশালী অংশীদার হিসেবে থাকব। প্রতিরক্ষা, নিরাপত্তা ও বাণিজ্য ক্ষেত্রে শক্তিশালী অংশীদারি বজায় রাখার আশা করি।’

ম্যার্কেল চার মাস পরেই নিজ দেশের সাধারণ নির্বাচনে লড়বেন। আন্তর্জাতিক পর্যায়ে নিজের দৃঢ় অবস্থানকে কাজে লাগিয়ে তিনি সাফল্যের আশা করছেন। ম্যার্কেল আশা করছেন, ইইউর পক্ষে জোরালো অবস্থান নিলেই আগামী সেপ্টেম্বরে আরেক দফা ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবেন।