ইউরো অঞ্চলের সংকট মোকাবিলায় আরও সহায়তায় সম্মত ইইউ
ইউরো অঞ্চলের ঋণসংকট মোকাবিলা ও অর্থ সহায়তার ব্যাপারে আরও পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক সম্মেলনে এ সিদ্ধান্ত হয়।পরিকল্পনা অনুযায়ী, সমস্যাজর্জরিত ব্যাংকগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। তা ছাড়া যেসব ব্যাংকের স্থিতি বা মোট জমা অর্থের পরিমাণ তিন হাজার কোটি ইউরোর ওপর, সেগুলো সংশ্লিষ্ট দেশের পরিবর্তে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে।অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় এবং ইউউর সমস্যাপীড়িত সদস্যগুলোর সাহায্যে ‘একক তহবিল’ গঠন নিয়ে প্রাথমিক আলোচনাও করেছেন ইইউ নেতারা। তবে তাঁরা কোনো ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ও সম্মেলনের চেয়ারম্যান হারমান ফন রমপুই বলেন, ‘আজ আমরা সমাধানের একক পদ্ধতি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি।’ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ‘ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়নে একটি অভিন্ন রূপরেখার ব্যাপারে সম্মত হয়েছি আমরা।’ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো জানান, কী পদ্ধতিতে ঋণসংকট কাটিয়ে ওঠা যায়, এখন তারই একটি প্রস্তাব তুলে ধরা হবে। ওই প্রস্তাব অনুযায়ী, ২০১৩ সালে ঋণসংকটে জর্জরিত ব্যাংকগুলোর ভালো দিকগুলো রেখে বাকি দিকগুলো বন্ধ করে দেওয়া হবে। রয়টার্স ও টেলিগ্রাফ।