ইউরো ছাড়াই জার্মানি ভালো করবে: জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশ জার্মান মনে করেন, ইউরো ছাড়াই তাঁদের দেশ ভালো করবে। একটি জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার এ জরিপের ফল প্রকাশ করা হয়।গ্রিস একক মুদ্রাব্যবস্থায় টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে জার্মানির অর্থমন্ত্রীর সংশয় প্রকাশ করার পরই এ জরিপ পরিচালনা করা হয়। জার্মান ট্যাবলয়েড বিল্ড অ্যাম সোনটাগর পক্ষে জরিপটি করা হয়।জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ জার্মান মনে করেন, ১৭ জাতি ইউরো অঞ্চলের বাইরে গিয়ে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি ভালো করবে। আর মাত্র ২৯ শতাংশের বিশ্বাস, এতে বরং জার্মানির কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।জরিপে আরও দেখা যায়, ৭১ শতাংশ জার্মান মনে করেন, গ্রিস তাঁর কঠিন প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে ইউরো থেকে এথেন্সের বের হয়ে যাওয়াটাই কল্যাণকর।জার্মানির অর্থমন্ত্রী ফিলিপ রোয়েসলার পত্রিকাটিকে বলেছেন, গ্রিস যেসব অর্থনৈতিক সংস্কারের অঙ্গীকার করেছে, তারা তা বাস্তবায়ন করতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, সংস্কারের বাস্তবায়ন অনিশ্চিত। এখন পর্যন্ত সেখানে কোনো কার্যকর কর কার্যালয় নেই। তা ছাড়া সরকারি যেসব প্রতিষ্ঠান বেসরকারীকরণের অঙ্গীকার করা হয়েছে, তার প্রায় কিছুই ঘটেনি।রোয়েসলার আরও বলেন, গ্রিস তার বাধ্যবাধকতা পূরণ করতে না পারলে তাদের হাতে আর বেশি অর্থ আসবে না। সে ক্ষেত্রে দেশটি দেউলিয়া হয়ে পড়বে। গঠনমূলক সংস্কার করতে গিয়ে গ্রিস প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এ সংস্কার কর্মকাণ্ডের অংশ হিসেবে গ্রিসকে কয়েক শ কোটি ইউরো ঋণ দেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে সেই ঋণের ওপরই বেঁচে আছে দেশটি।আন্তর্জাতিক হিসাব নিরীক্ষকেরা বর্তমানে গ্রিস সফর করছেন। দেশটির অর্থনৈতিক সংস্কার কর্মকাণ্ডের অগ্রগতি মূল্যায়ন করছে এই দলটি। গ্রিসকে আগের অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁদের মূল্যায়ন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই মূল্যায়নেরই ওপর নির্ভর করছে, গ্রিস পরবর্তী ৩১ দশমিক ৫ বিলিয়ন ইউরো (৩৮ দশমিক ৮ বিলিয়ন ডলার) ঋণ গ্রহণ করবে কি না। দেশটির অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে এই ঋণ খুবই জরুরি। এএফপি।