ইউরো জোনে গ্রিসের থাকার সম্ভাবনা অটুট: মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণসংকটে জর্জরিত দেশ গ্রিসের অবস্থান ইউরো জোনে অটুট থাকার সম্ভাবনা এখনো রয়েছে বলে মনে করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি গ্রিসের প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসের সঙ্গে বৈঠকে গতকাল শুক্রবার এ মন্তব্য করেন।মেরকেল বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, গ্রিস ইউরো জোনের একটি অংশ। আমি চাই ইউরো জোনে দেশটির অবস্থান অটুট থাকুক। এই লক্ষ্য নিয়েই আমাদের মধ্যে আলোচনা চলছে। সামারাসের নেতৃত্বাধীন গ্রিসের নতুন সরকার বর্তমান সংকট নিরসনের চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা জানি, এটা বড় ধরনের ত্যাগের ওপর নির্ভর করছে। এ ক্ষেত্রে জার্মানি সব সময় গ্রিসের পাশে থাকবে।’গ্রিক প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক দাতাদের দেওয়া প্রতিশ্রুতি তাঁর দেশ অবশ্যই পূরণ করবে। তিনি নতুন করে কোনো ঋণসহায়তা নিতে চান না। তবে ব্যয় সংকোচননীতি বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য ‘নিঃশ্বাস ফেলার সুযোগ’ প্রয়োজন। ঋণ পরিশোধে গ্রিস যে পরিকল্পনা নিয়েছে, শিগগিরই তা বাস্তবায়িত হবে। কথার চেয়ে কাজের মধ্য দিয়েই তা প্রমাণিত হবে। প্রায় তিন বছর ধরে চলমান ঋণসংকট মোকাবিলায় বার্লিনের সঙ্গে অ্যাথেন্সের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন এক পর্যায় শুরু হয়েছে।আন্তোনিস সামারাস দুই দিনের সফরে উত্তর ইউরোপে গেছেন। আজ শনিবার তাঁর ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে। তিনি দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে প্যারিসে বৈঠক করবেন। ইউরো জোনের শীর্ষ দুই অর্থনীতি জার্মানি ও ফ্রান্সের সমর্থন আদায়ই গ্রিক প্রধানমন্ত্রীর এ সফরের মূল লক্ষ্য। সমস্যাজর্জরিত অর্থনীতি পুনরুদ্ধারে গ্রিসের অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক দাতা দেশগুলো আগামী মাসে একটি প্রতিবেদন প্রকাশ করবে। এএফপি।