ইউরো জোনে ঋণসংকট কাটাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। মেক্সিকোর লস কাবোসে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে তাঁরা এই আহ্বান জানান। ইউরো জোনের এই সংকটকে ‘বিশ্ব-অর্থনীতির জন্য একক বড় ঝুঁকি’ বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসা বলেছেন, ‘এই সংকট শুধু ইউরোপের সংকট নয়, এটা পুরো বিশ্বের জন্য সংকট।’জি২০ সম্মেলনের খসড়া বিবৃতি গতকাল মঙ্গলবার প্রকাশ করার কথা। এতে বিশ্বজুড়ে কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়ন পরিকল্পনার বিষয়ে সমন্বয় করার আহ্বান জানানো হবে বলে আশা করা যাচ্ছে।এদিকে চীন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংকট মোকাবিলাবিষয়ক তহবিলে চার হাজার ৩০০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে। উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বৈঠকের পর চীন এই অঙ্গীকার করে। অন্য দেশগুলোও আইএমএফের তহবিলে তাদের অনুদান বাড়ানোর ঘোষণা দিয়েছে।গত সোমবারের বৈঠকে বিশ্বনেতাদের অনেকেই ইউরো জোনের সংকট নিয়ে আলোচনা করেন। বিশ্বব্যাংকের প্রধান রবার্ট জোয়েলিক বলেন, ‘আমরা অপেক্ষা করছি, এই সংকট কাটিয়ে উঠতে ইউরোপ আমাদের কাছে কী সহায়তা চায় তা জানার জন্য।’ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) মেক্সিকোর প্রধান হোসে অ্যাঞ্জেল গুরিয়া বলেন, ইউরো জোনে এখন যে সংকট সৃষ্টি হয়েছে তা ‘বিশ্ব অর্থনীতির জন্য একক বড় ঝুঁকি’। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান প্যাসকল লেমি বলেন, ইউরো জোনের সংকট শুধু ইউরোপের সংকট নয়, এটি সংক্রামক ব্যাধির মতো বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়বে।কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ইউরো-সংকট সমাধানের জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসা বলেন, এই সংকট ইউরোপে সৃষ্টি হয়নি। এটি উত্তর আমেরিকায় সৃষ্টি হওয়া সংকট। তিনি এই সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেওয়া উদ্যোগকে স্পষ্টভাবে সমর্থন দিতে জি২০ নেতাদের প্রতি আহ্বান জানান।ইইউ নেতাদের সঙ্গে ওবামার বৈঠক হয়নি: জি২০ সম্মেলনে গত সোমবার রাতে ইইউ নেতাদের সঙ্গে বারাক ওবামার বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৈশভোজ দেরিতে হওয়ায় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ইইউ নেতাদের বৈঠক বাতিল করা হয়। রয়টার্স, বিবিসি।