ইউরো-সংকট, আরব বসন্তে দুর্নীতি বড় ভূমিকা রেখেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির কারণে ইউরো জোনে ঋণ-সংকট পরিস্থিতি খারাপ হয়েছে। আরব বিশ্বে গণজাগরণ সৃষ্টির পেছনে কাজ করেছে দুর্নীতি। ‘আরব বসন্ত’ শুরুর পর আরবের কিছু দেশে দুর্নীতিবিরোধী সচেতনতাও বেড়েছে।দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) গতকাল বৃহস্পতিবার বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া। উত্তর কোরিয়াকে এবারই প্রথম এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।জার্মানির বার্লিনভিত্তিক সংগঠন টিআইয়ের এই প্রতিবেদনে ১৮৩টি দেশের দুর্নীতির পরিস্থিতি তুলে ধরা হয়।প্রতিবেদনে দেখা যায়, ইউরো জোনের ঋণ-সংকটে জর্জরিত দেশ গ্রিস ও ইতালি দুর্নীতির ধারণা সূচকের ০-১০ স্কেলে যথাক্রমে ৩ দশমিক ৪ ও ৩ দশমিক ৯ স্কোর করেছে। কোনো দেশের স্কোর ৩ বা তার চেয়ে কম হলে সে দেশে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।আরব বসন্তের দেশগুলোর মধ্যে তিউনিসিয়ার অবস্থান ৫৯তম থেকে নেমে ৭৩তম, মিসর ৯৮তম থেকে নেমে ১১২তম হয়েছে। লিবিয়া ও ইয়েমেন গত বছর যৌথভাবে ১৪৬তম অবস্থানে ছিল। এবার লিবিয়ার অবস্থান হয়েছে ১৬৮তম। ইয়েমেনের অবস্থান ১৬৪তম।প্রতিবেদন অনুযায়ী রাশিয়া, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, পোল্যান্ড ও কিউবায় দুর্নীতি পরিস্থিতির উন্নতি হয়েছে। অবনতি হয়েছে ভারত, হাইতি, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের।কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা নিউজিল্যান্ড ১০-এর মধ্যে ৯ দশমিক ৫ স্কোর করেছে। এর পরই যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড ও ডেনমার্ক। এই দুটি দেশের স্কোর ৯ দশমিক ৪। নিউজিল্যান্ড ২০০৬ সাল থেকে প্রতিবছর এই তালিকার শীর্ষস্থান পাচ্ছে।সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে থাকা সোমালিয়া ও উত্তর কোরিয়ার স্কোর ১০-এর মধ্যে ১। এর পরের অবস্থানে যৌথভাবে রয়েছে আফগানিস্তান ও মিয়ানমার। এই দুটি দেশের স্কোর ১ দশমিক ৫।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। দেশটির অবস্থান ৩৮তম। স্কোর ৫ দশমিক ৭। এর পরে রয়েছে শ্রীলঙ্কা (৮৬) ও ভারতের (৯৫) অবস্থান। পাকিস্তান ও মালদ্বীপ যৌথভাবে ১৩৪তম অবস্থানে রয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও নেতা-নেত্রীদের আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা চায় জনগণ। টিআইয়ের প্রধান হিউগেট লেবেল বলেন, চলতি বছর প্রতিবাদের অনেক ব্যানারে দুর্নীতিবিরোধী স্লোগান দেখা গেছে। ইউরো জোনে ঋণ-সংকট ও আরব বসন্ত শুরু হওয়া দেশগুলোতে নতুন রাজনৈতিক যুগ শুরু হয়েছে। এই দেশগুলোর নেতাদের উচিত জনগণের ওই চাওয়ার দিকে মনোযোগী হওয়া। এএফপি, বিবিসি, রয়টার্স।