ইউরো-সংকট কাটাতে ‘মেরকোজি’ পরিকল্পনা
ইউরো-সংকটকে ঘিরে ইউরো অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে চলমান টানাপোড়েন নিরসনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠক শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে এই বৈঠক শুরু হয়েছে, যা আজ শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।তবে ইউরো-সংকট কাটাতে ঋণে জর্জরিত দেশগুলোর সমস্যা নিরসনে ইউরো বন্ড করে ঋণের বোঝা সমানভাবে ভাগ করে নেওয়ার প্রস্তাব আপাতত বাস্তবায়িত হচ্ছে না।ইউরো অঞ্চলভুক্ত জার্মান ও ফ্রান্স ইউরো-সংকট কাটিয়ে উঠতে এবং ইউরোপীয় অর্থনীতির উন্নয়ন ঘটাতে সর্বশেষ লিসবন চুক্তির পরিবর্তন ও পরিবর্ধনের প্রস্তাব করা হবে এই বৈঠকে। ইউরো মুদ্রাকে শক্তিশালী করা এবং এই সংকট থেকে বের হওয়ার উপায় খুঁজতে গত কয়েক সপ্তায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ও ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি একাধিকবার বৈঠক করে এই প্রস্তাব তৈরি করেছেন। এ জন্য নতুন এই প্রস্তাবনাকে বলা হচ্ছে ইউরোপীয় অর্থনীতি বাঁচাতে ‘মেরকোজি’ পরিকল্পনা।