ইউরো-সংকট মোকাবিলায় চীনের সহায়তার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোজোনের ঋণসংকট মোকাবিলায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। গতকাল মঙ্গলবার বেইজিংয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী জিয়াবাও ইউরোপের অর্থনৈতিক সংকটে পড়া দেশগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তবে ইইউ সংকট থেকে উত্তরণ তহবিলে বিনিয়োগ করার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি তিনি। প্রায় ৫০ হাজার কোটি ইউরোর একটি তহবিল গঠনে চীনা অর্থের দিকে তাকিয়ে আছেন ইইউ নেতারা। সফরকালে তাঁরা এ বিষয়ে চীনকে রাজি করাতে প্রচেষ্টা চালাবেন।দুই ইইউ নেতা আজ বুধবার চীনা প্রেসিডেন্ট হু জিন তাওয়ের সঙ্গে বৈঠক করবেন। এদিকে গতকাল স্পেন, ইতালি ও পর্তুগালের ক্রেডিট রেটিং (ঋণ পরিশোধের সক্ষমতা) আরও হ্রাস পেয়েছে। এ ছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য ও অস্ট্রিয়ার ক্রেডিট রেটিং আউটলুকের আরও অবনমন হয়েছে। ইউরো-অঞ্চলের সংকট সম্প্রতি আরও ঘনীভূত হয়েছে। ইইউ ও আইএমএফের দাবি অনুযায়ী, ১৩ হাজার কোটি ইউরো সংকট-উত্তরণ তহবিলের বিনিময়ে গ্রিস রোববার আরও কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব পাস করেছে। চীনের বৃহত্তম ব্যবসায়িক সহযোগী হচ্ছে ইউরোপ। গতকাল বেইজিংয়ে ইইউ প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রোমপুই ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারাসোর সঙ্গে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জিয়াবাও ঘোষণা দেন, ইউরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের সম্পৃক্ততা আরও বাড়ানো হবে। তিনি বলেন, ‘ঋণ সমস্যা মোকাবিলায় ইইউকে সহায়তা করার প্রশ্নে চীনের অবস্থান স্পষ্ট। আমাদের কাজের মাধ্যমেই আমরা আমাদের বিশ্বকে জুতসই করব।’তবে বিনিয়োগের ব্যাপারে কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে শহর উন্নয়নের মতো বিষয়গুলো সমঝোতার ওই তালিকায় থাকলেও ইউরো অঞ্চলের সংকটের কোনো উল্লেখ নেই। তবে ইইউ নেতা ভ্যান রোমপুই জিয়াবাওয়ের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইউরো অঞ্চলের সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে কি রাখবে না, সে সিদ্ধান্ত চীন নিজেই নেবে। বিবিসি।