ইউরোপ সফরে গেলেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বুধবার ঐতিহাসিক ইউরোপ সফরের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমানে ওঠার আগে আলোচিত এই সফর সম্পর্কে সাংবাদিকদের সু চি বলেন, ‘জনগণের কল্যাণে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে চাই।’ ১৯৮৮ সালের পর এটি তাঁর প্রথম ইউরোপ সফর।দুই সপ্তাহের বেশি সময়ের জন্য আয়োজিত এ সফরে সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, ফ্রান্স ও আয়ারল্যান্ড ভ্রমণ করবেন সু চি।এর মধ্যে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের অসলো যাবেন তিনি। প্রথা অনুযায়ী, পুরস্কার গ্রহণের পর তিনি ভাষণ দেবেন। ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সু চি।গুরুত্বপূর্ণ এ সফরে সু চি আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) সম্মেলনে ভাষণ দেবেন। যুক্তরাজ্যের পার্লামেন্টেও তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছ থেকে মানবাধিকার পদক গ্রহণ করবেন তিনি।ইউরোপ সফর সু চির ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ দুই দশক পর পরিবারের সদস্যদের সঙ্গে আবার তাঁর দেখা হচ্ছে। সু চির দুই ছেলে ও নাতি-নাতনিরা যুক্তরাজ্যে বসবাস করে। ১৯ জুন সু চির ৬৭তম জন্মদিন। বহু বছর পর ওই দিনটি পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন তিনি।এমন একটা সময়ে সু চি ইউরোপ সফরে গেলেন, যখন মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা বিরাজ করছে। এএফপি।