ইউরোপীয় পুরুষদের উচ্চতা ১১ সে. মি. বেড়েছে
গত এক শতকে ইউরোপের পুরুষদের গড় উচ্চতা ১১ সেন্টিমিটার (প্রায় সাড়ে চার ইঞ্চি) বেড়েছে বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। গবেষকদের দাবি, উচ্চতা বাড়ার এ প্রবণতা সুস্বাস্থ্যের লক্ষণ।
সম্প্রতি অক্সফোর্ড ইকোনমিক পেপার সাময়িকীর অনলাইন সংস্করণে ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। আজ সোমবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গবেষণায় ১৮৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ইউরোপের ১৫টি দেশের ২১ বছর বয়সী পুরুষদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, এ সময়কালের মধ্যে ইউরোপীয় পুরুষদের গড় উচ্চতা ১৬৭ সেন্টিমিটার (পাঁচ ফুট চার সাত ইঞ্চি) থেকে বেড়ে ১৭৮ সেন্টিমিটারে (পাঁচ ফুট আট তিন ইঞ্চি) দাঁড়িয়েছে।
গবেষণা দলের প্রধান ও ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব এসেক্সের অধ্যাপক টিমোথি হ্যাটন জানান, মানবদেহের উচ্চতা বৃদ্ধি জনগণের গড় স্বাস্থ্যের উন্নতির লক্ষণ। তিনি বলেন, এর ফলে গত ১০০ বছরে রোগের প্রাদুর্ভাব কমেছে ও স্বাস্থ্যের উন্নতি হয়েছে—এমনটাই প্রমাণিত হয়। দুটি বিশ্বযুদ্ধ ও মহামন্দার সময়েও এই অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়নি।
উচ্চতা বাড়ার কারণ হিসেবে গবেষকেরা শিশুমৃত্যুর হার কমে আসা, গড় আয় বৃদ্ধি, স্বাস্থ্যকর বাসস্থান, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নতি, ছোট পরিবার, উন্নত শিক্ষাব্যবস্থা, সামাজিক ও স্বাস্থ্যসেবা খাতের উন্নতি ইত্যাদি উল্লেখ করেছেন।
গবেষণাটি শুধু পুরুষদের ওপর করা হয়েছে। এর কারণ হিসেবে নারী স্বাস্থ্য বিষয় হিসেবে ঐতিহাসিক তথ্য-প্রমাণের অভাব উল্লেখ করেছেন গবেষকেরা।